বোয়ালখালীর সেই শিক্ষা কর্মকর্তাকে মৌলভীবাজারে বদলি
অভিযোগ তদন্তের নির্দেশের তিন দিনের মধ্যে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মৌলভীবাজারে বদলি করা হয়েছে।
রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ নির্দেশ দেওয়া হয়।
মাউশির সহকারী পরিচালক মুহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত আদেশে ইউনুসকে মৌলভীবাজার জেলার রাজানগর উপজেলায় বদলির আদেশ জারি করে মঙ্গলবার দুপুরের মধ্যে দায়িত্বভার হস্তান্তর করার আদেশ দেওয়া হয়।
দায়িত্ব হস্তান্তর না করলেও সেদিন থেকে তিনি ‘তাৎক্ষণিক বিমুক্ত’ বলে বিবেচনা করা হবে বলেও জানানো হয়েছে।
মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক আজিজ উদ্দিন বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার বোয়ালখালীর জ্যেষ্ঠপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের হাজী হামিদুল হক অ্যান্ড খায়রুল আমিন অডিটোরিয়াম উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউনুসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্তের নির্দেশ দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
নওফেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে বোয়ালখালীতে থাকা ইউনুসের বিরুদ্ধে বিভিন্নজনের কাছ থেকে আর্থিকসহ নানা অভিযোগ এসেছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে মাউশি চট্টগ্রাম অঞ্চলের মহাপরিচালককে তদন্ত করতে বলেছিলেন শিক্ষা উপমন্ত্রী।
