২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালখালীর শিক্ষা কর্মকর্তার নামে অভিযোগ তদন্ত হবে: নওফেল

বিভিন্ন অভিযোগ ওঠায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2019, 06:11 PM

Updated : 18 Aug 2022, 04:55 PM

বৃহস্পতিবার বোয়ালখালীর জ্যেষ্ঠপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের হাজী হামিদুল হক অ্যান্ড খায়রুল আমিন অডিটোরিয়াম উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে এ নির্দেশ দেন তিনি।

বোয়ালখালী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউনুসও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নওফেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনার বিষয়ে বিভিন্ন জনের কাছ থেকে আমি আগেও অভিযোগ পেয়েছি। দীর্ঘদিন ধরে তিনি বোয়ালখালীতে আছেন। আর্থিকসহ বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে।

“আজ অডিটোরিয়াম উদ্বোধনে গেলে সেখানেও অভিযোগ পাই। অনেকে অভিযোগ করেন তার কারণে ভোগান্তির শিকার হতে হয়।”

এ অভিযোগের প্রেক্ষিতে মাউশি চট্টগ্রাম অঞ্চলের মহাপরিচালককে তদন্ত করতে বলেন শিক্ষা উপমন্ত্রী।

তিনি বলেন, “… ফোন করে বলেছি বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে আসা বিভিন্ন অভিযোগের তদন্ত করতে।

“মাউশি মহাপরিচালককে বলেছি এ বিষয়ে তদন্ত শেষে জানাতে।”