২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ফের সংঘর্ষ, আহত ৬

আবারও সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক দুটি সংগঠন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2019, 09:57 PM

Updated : 18 Aug 2022, 04:55 PM

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মোড়ে এ সংঘর্ষে ছয় শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতরা হলেন- ইংরেজি বিভাগের ফয়সাল, সমাজতত্ব বিভাগের মেহেদী হাসান, বাংলা বিভাগের ইমরান হাসান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আব্দুস সাত্তার, ইতিহাস বিভাগের ওসমান ও ইংরেজি বিভাগের রহমত উল্লাহ।

প্রতাক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বুধবার রাতের ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকালে সংঘর্ষের জড়ায় 'সিএফসি' ও 'বিজয়' গ্রুপের নেতাকর্মীরা। পরে পুলিশ লাঠিপেটা রে উভয় পক্ষকে সরিয়ে দেয়।

সংঘর্ষের সময় পাঁচটি রামদা উদ্ধার এবং তিন ছাত্রলীগকর্মীকে আটক করে পুলিশ।

সিএফসি গ্রুপের নেতা রেজাউল হক রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী বিজয় গ্রুপকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছি।”

বিজয় গ্রুপের নেতা এইচ এম তারেকুল ইসলাম বলেন, “গতকালের ঘটনায় আমরা সিনিয়ররা বসে সমাধানের চেষ্টা করলে আজ ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসী আমাদের কর্মীদের উপর হামলা করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সচল রাখতে আমাদের গ্রুপ সব সময় সুষ্ঠু ধারার রাজনীতি করে। সিএফসি ক্যাম্পাস অস্থিতিশীল করতে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করছে।”

সংঘর্ষের বিষয়ে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে ঘটনায় কয়েকজন আহত হয়েছে।”

এর আগে বুধবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী হলের পাশের আজিজ কুলিং কর্ণারে দুই পক্ষের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তখন সিএফসি নেতা সোয়েবুর রহমান কনক বিজয় গ্রুপের কর্মী কাকনকে মারধর করেন।

এ খবর ছড়িয়ে পড়লে সিএফসির কর্মীরা শাহ আমানত হলে এবং বিজয় গ্রুপে অবস্থান নেন। একপর্যায়ে সিএফসির কর্মীকে বিজয় গ্রুপের কর্মীরা ধাওয়া দিলে সংষর্ষের সুত্রপাত ঘটে।