সিআইইউর সঙ্গে কাজ করতে ‘আগ্রহী আই ট্রিপল ই’
চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সঙ্গে প্রযুক্তি বিষয়ে কাজ করার আগ্রহ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই)।
বুধবার সিআইইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি করতে ও আন্তর্জাতিকভাবে অবকাঠামো বিনির্মাণ-উন্নয়নে সিআইইউ’র প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে আইইইই, যা আইট্রিপলই নামে পরিচিত।
প্রতিষ্ঠানটির সদর দপ্তর থেকে সিআইইউ’র স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (প্রকৌশল অনুষদ)-এ পাঠানো এক বার্তায় এ বিষয়ে জানানো হয়।
একইসঙ্গে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কার্যক্রম পরিচালনা করতে চট্টগ্রামে ‘সিআইইউ স্টুডেন্ট ব্র্যাঞ্চ’ নামের একটি শাখাও খোলার অনুমোদন দেওয়া হয়েছে।
সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, “প্রতিটি শিক্ষার্থী স্বপ্ন বুনে থাকে আধুনিক প্রকৌশলী হয়ে নিজেকে এগিয়ে নেবে। এই ধরনের সহযোগিতা তাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে সেই স্বপ্ন বাস্তবায়নে অনেক বেশি কার্যকর ভূমিকা রাখবে বলে আমার আশাবাদ।”
সিআইইউ’র স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল হক খান বলেন, “মানব কল্যাণে প্রযুক্তি সুবিধা বৃদ্ধি করার জন্য আমাদের আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত হওয়ার কোনো বিকল্প নেই। এই ধরনের সংগঠনের মাধ্যমে সম্পৃক্ত হয়ে আমাদের শিক্ষার্থীরা টেকসই উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবে।”
ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার্স এর ১৬০টি দেশে ৪ লাখ ৩০ হাজার সদস্য আছে। ১৯৬৩ সালের ১ জানুয়ারি নিউইয়র্কে এই প্রতিষ্ঠানটি প্রকৌশলীদের পেশাগত দক্ষতা ও মান-উন্নয়নে ভূমিকা রাখতে কাজ করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
