চট্টগ্রামে অস্ত্রসহ দুই যুবক আটক
চট্টগ্রামে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যারা ‘দীর্ঘদিন ধরে’ অস্ত্র চোরাকারবারে জড়িত বলে দাবি করেছে র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাশকুর রহমান জানান, মঙ্গলবার রাতে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ ছদহা এলাকার মোর্শেদুল আলম (২৪) এবং কর্ণফুলী উপজেলার শিকলবাহার মো. আব্দুল আজিজ (৩১)।
র্যাব কর্মকর্তা মাশকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার দুজনের কাছে টেপ মোড়ানো অবস্থায় একটি ওয়ানশুটার গান পাওয়া গেছে।
“জিজ্ঞাসাবাদে মোর্শেদ ও আজিজ স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে তারা অবৈধ অস্ত্রের ব্যবসা করে আসছিল।”
