২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈরী আবহাওয়া: সীতাকুণ্ডে বজ্রপাতে একজনের মৃত্যু

বৈরী আবহাওয়ার মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে মাছ ধরতে যাওয়ার সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2019, 07:29 PM

Updated : 10 Oct 2022, 08:57 PM

সোমবার উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের মীর্জানগর জেলে পাড়ার অদূরে সমুদ্র চরে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

নিহত রতন জলদাশ (৩৫) মীর্জানগর জেলে পাড়ার বাসিন্দা।

ভাটিয়ারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রতনসহ আরও কয়েকজন মিলে সকালে সমুদ্রে মাছ ধরতে যাচ্ছিলেন। সমুদ্র পাড়ে গিয়ে নৌকায় উঠার পথে বজ্রপাতে আহত হয় রতন।

সঙ্গীরা রতনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ঠাণ্ডা বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সোমবার সকালেও ঘন সন্ধ্যা নেমে এসেছিল চট্টগ্রাম নগরীতে। বৃষ্টির সঙ্গে চলছিল বজ্রপাতও।

এ আবহাওয়ায় ৭০ নটিক্যাল মাইল বেগে বাতাস প্রবাহিত হচ্ছে বলে জানান পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা স্বাভাবিক বিষয়। এসময়ে কাল বৈশাখীর মতো ঝড় হতে পারে।”

এদিকে বাতাস ও বৃষ্টির কারণে চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙরে পণ্য উঠানামার ক্ষেত্রে কিছুটা বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক।

তিনি বলেন, “বৃষ্টিপাতের কারণে বন্দরে খোলা পণ্য উঠানামার ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। অতিরিক্ত বাতাসের কারণে আউটারেজেও পণ্য আনা-নেওয়া, উঠানামার ক্ষেত্রে বিঘ্ন ঘটছে।”

বৈরী আবহাওয়ায় অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রাখা গেলেও অতিরিক্ত বাতাসের কারণে কয়েকটি সংস্থার বিমান উঠানামা বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার ই আলম।