চট্টগ্রামে হালদা রক্ষা নিয়ে আলোচনা সভা
চট্টগ্রামে হালদা নদীতে মাছের প্রকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ ও উন্নয়ন কর্মসূচি এবং হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সভা হয়েছে।
শনিবার রাতে নগরীর একটি রেস্তোরাঁয় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় উন্নয়ন সংস্থা আইডিএফ এ আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, “হালদা শুধু প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র নয়, এটি প্রাকৃতিক সম্পদের আধার। তাই আমাদের সকলেরই উচিত হালদাকে রক্ষা করা।”
“আশা করি, সরকার যথাযথ পদক্ষেপের মাধ্যমে হালদাসহ দেশের সব নদীকে ধান্দাবাজদের হাত থেকে রক্ষা করবে।”
আলোচনা সভায় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর ড. মো. মনজুরুল কিবরীয়া ল্যাবরেটরি উদ্বোধনের পর হতে গত দেড় বছরে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ গবেষণামূলক কাজ, রিপোর্ট ও অনুষ্ঠানের বিবরণ দেন।
পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতার, পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের ও ড. মো জসীম উদ্দিনসহ হালদা নদীর গবেষকবৃন্দ।
