২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে ইটভাটা থেকে ৫০০ মণ কাঠ জব্দ

চট্টগ্রামের হাটহাজারীতে একটি ইট ভাটায় অভিযান চালিয়ে ৫০০ মণ কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2019, 07:03 PM

Updated : 10 Oct 2022, 08:53 PM

বৃহস্পতিবার বিকালে উপজেলার মীর্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার কে বি সি ব্রিক ফিল্ডে অভিযান চালিয়ে কাঠগুলো জব্দ করা হয়।

হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইট ভাটাটিতে দীর্ঘদিন ধরে কাঠ ব্যবহার করে ইট তৈরি করছিল বলে আমাদের কাছে অভিযোগ আসে। বিকালে অভিযানে গিয়ে আমরা এর সত্যতা পাওয়া যায়।”

তিনি জানান, ইট ভাটাটিতে বিপুল পরিমাণ কাঠ মজুদ করা হয়েছিল। অভিযানের সময় সেখানে কাঠ পোড়ানোর বিষয়টি দেখা যায়। জব্দ করা কাঠের পরিমাণ অন্তত ৫০০ মণ।

রুহুল আমিন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৬ ধরা অনুযায়ী ইট তৈরিতে জ্বালানী হিসেবে কাঠ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। জ্বালানি হিসেবে ভাটায় কয়লা ব্যবহারের নিয়ম রয়েছে।

“কিন্তু ইট ভাটাটিতে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহারের জন্য এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।”