২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আদনান হত্যায় ‘অস্ত্র সরবরাহকারী’ আ. লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে স্কুলছাত্র আদনান হত্যার ‘অস্ত্র সরবরাহকারী’ আওয়ামী লীগ নেতা আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2019, 11:17 PM

Updated : 18 Aug 2022, 04:44 PM

মঙ্গলবার নগরীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রউফের বিরুদ্ধে তিনটি মামলা আছে। ওইসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।”

রউফ চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। 

গত বছরের ১৬ জানুয়ারি নগরীর জামালখান এলাকায় কলেজিয়েট স্কুলের ছাত্র আদনানকে হত্যার ঘটনায় যে অস্ত্রটি ব্যবহার হয়েছিল, তা রউফ দিয়েছিলেন বলে গ্রেপ্তার অন্যরা পুলিশকে জানিয়েছিলেন।

আদনান হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল।  তাদের আশ্রয়দাতা হিসেবে রউফের নাম আলোচিত ছিল।

এদিকে গত ১৫ জানুয়ারি গণি বেকারি এলাকায় জাহেদুল ইসলাম নামে এক কলেজছাত্রকে গুলি করার ঘটনা ঘটে। আদনান হত্যার আসামিরা ওই ঘটনা ঘটায় বলে তার পরিবারের অভিযোগ। এঘটনায় রউফকেও আসামি করা হয়েছিল।