হালদা থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের অন্যতম প্রাকৃতি প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে বৃহস্পতিবার নদীর মদুনাঘাট থেকে হালদার মুখ পর্যন্ত অংশে এ অভিযান চালানো হয়।
মোহাম্মদ রুহুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে টানা অভিযান চালিয়ে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
“এসব জাল ব্যবহার করে নদী থেকে মা মাছ ধরা হয়। তিন মাস ধরে নদীর হাটহাজারী অংশে এ অভিযান চলছে।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এ অভিযানে উপস্থিত ছিলেন। গত তিন মাসে হালদা নদীতে প্রায় ৩২টি অভিযান চালিয়েছেন তারা।
এসব অভিযানে প্রায় ৪০ হাজার মিটার কারেন্ট জাল, পাঁচটি ড্রেজার এবং অবৈধভাবে উত্তোলিত ৫৮ হাজার ঘনফুট বালি জব্দ করা হয়। এছাড়া মাছ ধরার কাজে ব্যবহৃত নৌকা, ব্যাটারি ও চার্জার জব্দ করা হয় বলে কর্মকর্তারা জানান।
