চট্টগ্রামে ফলের নির্ধারক হতে পারেন সাড়ে ১২ লাখ নতুন ভোটার
চট্টগ্রাম জেলায় দশ বছরে ভোটার বেড়েছে প্রায় সাড়ে ১২ লাখ, নতুন এই ভোটাররাই এখানকার ১৬টি আসনের সংসদ সদস্য নির্বাচনে জয়-পরাজয়ের ‘নির্ণায়ক’ হবেন বলে ধারণা করা হচ্ছে।
রোববার অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
২০১৪ সালে বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনে চট্টগ্রামের এই আসনগুলোর নয়টিতে সরাসরি ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেবার সাতটি আসনের প্রার্থীরা জয়ী হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
২০০৮ সালের দশম সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার সব আসনের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছিলেন। ওই বছরই ছবিসহ ভোটার তালিকা ধরে প্রথম ভোট হয়েছিল।
এবার একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এ দশ বছরে যেসব ভোটার বেড়েছে তাদের অধিকাংশই তরুণ ও যুবক। আর তরুণ ভোটাররাই জয়-পরাজয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবেন বলে প্রার্থীরাও মনে করেন।
বৃহস্পতিবার পর্যন্ত চলা নির্বাচনী প্রচারেও বিএনপি-আওয়ামী লীগসহ বিভিন্ন দলের প্রার্থীরা তরুণ ভোটারদের নিজেদের পক্ষে টানার চেষ্টা করেছেন।
নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ৪৩ লাখ ৮৮ হাজার ৬১৬ জন। সে হিসেবে দশ বছরে ভোট বেড়েছে ১২ লাখ ৪৮ হাজার ৮৪৫ ভোট।
২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে ভোটার ছিল ৪৯ লাখ ২২ হাজার ৪৭৭ জন। গত পাঁচ বছরে ভোটার বেড়েছে সাত লাখ ১৪ হাজার ৯৮৪ জন।
চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে চট্টগ্রাম-৯ (কোতয়ালী) আসনে এবারে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পদ্ধতিতে ভোট হবে।
এ আসনে নতুন ভোটার হওয়া বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাথরঘাটা এলাকার বাসিন্দা দীপ্ত চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এবারে নতুন ভোটার হয়েছি। ভোটও হবে ইবিএমে। উৎসাহ নিয়ে এবার ভোট দিতে যাব।”
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে গতবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন জাসদের মঈনুদ্দিন খান বাদল। এবারও তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির আবু সুফিয়ানের সঙ্গে।
ওই আসনের ভোটার শফিকুল ইসলাম জানান, ২০১৩ সালে নতুন ভোটার হলেও গতবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট দেওয়া হয়নি।
“এবার আগ্রহ নিয়ে অপেক্ষা করছি জীবনের প্রথম ভোট দেওয়ার জন্য।”
সৎ-যোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থীকেই ভোট দেবেন বলে জানান তিনি।
এবার চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ভোটের লড়াইয়ে আছেন ১১৪ জন প্রার্থী। ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ২৭ লাখ ২৫ হাজার ৩৮৯জন, পুরুষ ভোটার ২৯ লাখ ১২ হাজার ৭২জন।
