২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে ফাঁকা হচ্ছে চট্টগ্রামও

ভোটের এক দিন বাকি থাকতে এলাকায় রওনা হয়েছেন শিক্ষা ও জীবিকার তাগিদে চট্টগ্রামে বসবাসকারী অন্য জেলার বাসিন্দারা। ফলে কিছুটা ফাঁকা হতে শুরু করেছে ব্যস্ত এই নগরী।

চট্টগ্রাম ব্যুরো

আজহারুল ইসলাম জুয়েল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2018, 12:07 AM

Updated : 19 Aug 2022, 03:06 PM

শুক্র-শনির সাপ্তাহিক ছুটির পরদিন রোববারই ভোট গ্রহণ। শুক্রবার বন্দর নগরীতে বেশিরভাগ মেস ফাঁকা হয়ে যায়।

চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মানুষের এই কাফেলায় আছেন তৈরি পোশাক কারখানার শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নগরীর ষোলশহর এলাকার বেশিরভাগ মেসের বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিতে চট্টগ্রাম ছেড়েছেন কয়েকদিন আগেই।

এখানকার মেসের বাসিন্দা চবির শিক্ষার্থী আব্দুল্লাহ খান মনির, সাব্বির রেজা খান, মো. হাসান শুক্রবারের মধ্যেই পৌঁছে গেছেন নিজ নিজ স্থায়ী ঠিকানায়।

হবিগঞ্জ-৪ আসনের ভোটার আব্দুল্লাহ খান মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাড়ি এসেছি ভোটাধিকার প্রয়োগ করতে। ভোট দেওয়া আমার গণতান্ত্রিক অধিকার।”

ভোটে কেমন প্রার্থী বেছে নেবেন তা নিয়ে আব্দুল্লাহ বলেন, “যারা দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি গণতন্ত্র ও বাক স্বাধীনতা নিশ্চয়তা দিবে আমি তাদেরই ভোট দেব।”

বিশ্ববিদ্যালয় পড়ুয়া আরেক শিক্ষার্থী কিশোরগঞ্জ-৫ আসনের ভোটার মোবারক আজাদ বলেন, “জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছি বিষয়টা ভাবতেই ভাল লাগছে।

“কিন্তু প্রতিদিন কোথাও না কোথাও সহিংসতা ঘটছে এমন পরিস্থিতিতে নিরাপদে ভোট দিতে পারবো কি না তা নিয়ে একটু শঙ্কায় আছি।”

লালমনিরহাটের বাসিন্দা চবি শিক্ষার্থী বাঁধন সিদ্দিকী বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকমকে বলেন, “ভোট হচ্ছে নাগরিকের মত প্রকাশের মাধ্যম। নিজের মতামত প্রকাশের এর চেয়ে বড় কোনো প্লাটফর্ম নেই। তাই বাড়ি যাচ্ছি ভোট দিতে।”

এরকম বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তৈরি পোশাক শিল্পখাতের শ্রমিকদের অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন।

পোশাককর্মী দক্ষিণ পতেঙ্গার বাসিন্দা বরিশালের ভোটার দিদারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকদিন ছুটি পেয়েছি। তাই বাড়ি যাচ্ছি। ভোট দেব, আর কয়েকদিন বাড়িতে থাকাও হবে।”

চট্টগ্রাম জেলার অন্যান্য উপজেলার বাসিন্দারাও হয়েছেন ঘরমুখো।

ভোট উৎসবে বাড়ি ফেরার সুযোগ পেয়ে চন্দনাইশের বাসিন্দা সাইফুল আলম বলেন, “পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি যাওয়া হয় খুব কম। এখন সন্তানদের স্কুলও বন্ধ আর সঙ্গে ভোট উৎসব। ভোট দেওয়ার পাশাপাশি কয়টা দিন বাড়িতে কাটিয়ে আসব। তাই একটু আগেই চলে এসেছি।”

কিছুটা ফাঁকা হয়ে আসা চট্টগ্রাম নগরীরে যাত্রীর সংখ্যা কম বলে জানালেন চট্টগ্রামের লাভ লেইন এলাকায় মধ্যবয়সী রিকশাচালক লুৎফর রহমান।

দুপুরে তিনি বলেন, “ভোট দিতে বাড়ি চলে যাওয়ার কারণে হয়ত যাত্রীর সংখ্যা কমে গেছে।”

তবে ভোট দেওয়ার ইচ্ছা থাকলেও অনেকের মত ভোট দিতে বাড়ি যেতে পারছেন না মাদারীপুর-২ আসনের এই ভোটার।

“হাতে টাকা পয়সা নাই, থাকলে যাইতাম।”

আওয়ামী লীগ সরকারের ১০ বছরের উন্নয়নে সন্তুষ্টি জানিয়ে জানিয়ে তিনি বলেন, “এ সরকারের আমলে যেভাবে উন্নয়ন হইছে অন্য কোনো সরকারের আমলে তা দেহি নাই। বাড়ি যেতে পারলে ভোট নৌকাতেই দিতাম।”