২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘বিএনপিপ্রার্থীর ভাইয়ের গাড়িতে’ পেট্রোল বোমার সরঞ্জাম

চট্টগ্রাম-৪ আসনে ধানের শীষের প্রার্থী ইসহাক কাদের চৌধুরীর ভাইয়ের গাড়ি থেকে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম ও দেশি অস্ত্র জব্দসহ একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2018, 03:44 PM

Updated : 08 Apr 2022, 07:32 PM

বুধবার বেলা দেড়টার দিকে ফৌজদারহাট এলাকার তুলাতলীর রেড চিকেন রেস্তোরাঁর সামনে থেকে একটি প্রাডো গাড়িতে পেট্রোল বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম এবং একটি দেশি বন্দুক ও গুলি পাওয়া যায় বলে পুলিশের ভাষ্য।

গাড়িটি বিএনপির প্রার্থী ইসহাক কাদের চৌধুরীর ভাই আমজাদ হোসেন চৌধুরীর বলে জানা গেছে। 

গ্রেপ্তার মেহেদী হাসান (২৪) গাড়িটির চালক।

সীতাকুণ্ড থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ওই গাড়িতে তল্লাশী চালিয়ে পেট্রোল বোমার সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করা হয়। গাড়িটি বিএনপিপ্রার্থীর প্রচারে ব্যবহার হত। এতে বিএনপিপ্রার্থীর পোস্টার ও বিভিন্ন সরঞ্জাম ছিল।”

মঙ্গলবার সীতাকুণ্ডের মাদাম বিবির হাটে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমের প্রচার লক্ষ্য করে ছোড়া পেট্রোল বোমায় তিনজন দগ্ধ হয়েছিলেন। এছাড়া হামলায় আহত হয়েছিলেন আরও পাঁচ-ছয়জন।

পুরনো খবর:

চট্টগ্রামে নৌকার প্রার্থীর প্রচারে পেট্রোল বোমা, দগ্ধ ৩