ফটিকছড়ি-হাটহাজারীতে ঐক্যফ্রন্ট প্রার্থীদের উপর হামলার অভিযোগ
চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারীতে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
রোববার দুপুরে ফটিকছড়ি উপজেলার মোহাম্মদ তকিরহাট এবং হাটহাজারী উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইটের কাছে এই হামলা হয় বলে বিএনপি জোটের প্রার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
ফটিকছড়িতে মহাজোটের নৌকা প্রার্থীর ক্যাম্প ভাংচুর ও হামলার পর তারা পাল্টা হামলা করে বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদের উপজেলার নাজিরহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর করে বলে পুলিশ জানায়।
স্থানীয়দের বরাতে জানা যায়, মোহাম্মদ তকিরহাট এলাকায় বিএনপির ধানের শীষের প্রার্থী আজিম উল্লাহ বাহার তার সমর্থকদের নিয়ে প্রচারণা চালাতে গেলে ওই এলাকায় নৌকা মার্কার প্রার্থী ত্বরীকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভাণ্ডারীর ক্যাম্পে হামলা করে। তার জের ধরে বিএনপি প্রার্থী ও তার সমর্থকদের উপর হামলা হয়।
ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শুনেছি, ধানের শীষের প্রার্থীর লোকজন নৌকার লোকজনের ওপর হামলা করে। এর জেরে পাল্টা হামলা হয়।।”
আহত বিএনপিকর্মীরা নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসা নিয়ে ফেরার পথে তারা নাজিরহাট মোড়ে সড়ক অবরোধ করে এবং অটো রিকশা ভাংচুর করে।
ঘটনাস্থল থেকে ১২জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ওসি বাবুল বলেন, এ ঘটনায় একটি মামলা হচ্ছে।
তবে বিএনপির প্রার্থীর ওপর হামলার ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি বলেও জানান তিনি।
অন্যদিকে বেলা ৩টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইটের কাছে হামলার মুখে পড়ার কথা জানান চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ধানের শীষের প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্ররাহীম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফতেপুর ইউনিয়নে গণসংযোগ করতে যাবার পথে এক নম্বর গেইটের কাছে আমাকে ও আমার সমর্থকদের বহনকারী গাড়ির ওপর হামলা করা হয়। এসময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে ও গাড়ির কাচ ভাংচুর হয়।”
হামলায় তিনজন আহত হয় বলে জানান কল্যাণ পার্টির চেয়ারম্যান। তিনি হামলার জন্য মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদের সমর্থকদের দায়ী করেছেন।
