চট্টগ্রামে গিয়ে নৌকায় ভোট চাইলেন তারকারা
চট্টগ্রামে নৌকার পক্ষে ভোট চেয়ে প্রচারণায় নেমেছেন চলচ্চিত্র ও নাটকের এক ঝাঁক তারকা।
বৃহস্পতিবার দুপুরে জামালখানে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে শুরু করে নগরীর প্রায় অর্ধশতাধিক এলাকায় প্রচারণা চালিয়েছেন রুপালি জগতের এই শিল্পীরা। বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছেন নৌকার প্রচারণা লিফলেট।
এর আগে ১২ ডিসেম্বর ঢাকায় নৌকার পক্ষে প্রচারাভিযানে নেমেছিলেন তারকারা। ওই তারকামেলায় ছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাসও।
সমবেতদের উদ্দেশ্যে চিত্রনায়ক রিয়াজ বলেন, “মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তেমনি শেখ হাসিনার কাছে বাংলাদেশ নিরাপদ।
“আমরা একঝাঁক তরুণ শিল্পী আপনাদের কাছে এসেছি একটাই আবেদন জানাতে, আপনারা শেখ হাসিনার কাছেই বাংলাদেশটাকে রাখবেন। এই দেশ নিরাপদে থাকবে, আপনারা নিরাপদে থাকবেন।”
ঢাকায় সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় সবার আগে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রয়োগে নতুন ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস।
চট্টগ্রামে আওয়ামী লীগের পক্ষে ভোটের প্রচারণায় ছিলেন তিনিও।
ফেরদৌস বলেন, “সারাদেশে, জেলায়-জেলায়, গ্রামে-গ্রামে জনউচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। মানুষের মধ্যে এখন একটাই স্লোগান, নৌকা। এই মার্কা জনগণের মার্কা।”
রোকেয়া প্রাচী বলেন, “এই চট্টগ্রাম থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়েছিল। এই চট্টগ্রাম বীর চট্টগ্রাম। ৩০ ডিসেম্বর চট্টগ্রামের মানুষ নৌকার পক্ষে অকুণ্ঠ সমর্থন জানাবে, এই বিশ্বাস আমাদের আছে।”
নৌকার প্রচারে আগেও দেখা গেছে অভিনেত্রী তারিন আহমেদকে।
চিত্রনায়ক শাকিল খান বলেন, “উন্নয়ন মানে নৌকা। আমি বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প কাউকে দেখি না। আমরা শিল্পীসমাজ, আমরা শেখ হাসিনার হাত ধরে অনেকদূর এগিয়ে যেতে চাই।”
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বলেন, “চট্টগ্রামের উন্নয়নের বেশিরভাগই হয়েছে জননেত্রী শেখ হাসিনার আমলে। এই দেশের উন্নয়ন হয়েছে জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে।
“সুতরাং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকেই আবারও প্রধানমন্ত্রী করতে হবে। নৌকায় ভোট দিতে হবে।”
তারকারদের এই প্রচারণায় আরো অংশ নিয়েছিলেন অভিনেতা মাহফুজ আহমেদ, শাকিল খান, তানভীন সুইটি, বিজরী বরকতউল্লাহ, শাহরিয়ার নাজিম জয় এবং সায়মন সাদিক।
তাদের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ এবং উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “আজ শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশে সুস্থ সংস্কৃতি চর্চার পরিবেশ তৈরি হয়েছে।
“এজন্য দেশের শিল্পীসমাজ আজ শেখ হাসিনার পাশে এসে দাঁড়িয়েছেন। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। এবার নৌকার জয় হবেই।”
