২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের ৭ দফা

আসন্ন নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামবাসীর জীবনমান উন্নয়নে সাত দফার ‘চট্টগ্রাম প্রস্তাবনা’ দিয়েছে গণসংহতি আন্দোলন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2018, 06:45 PM

Updated : 19 Aug 2022, 03:03 PM

এবার নির্বাচনে ডবলমুরিং–পাহাড়তলী–হালিশহর–খুলশী নিয়ে গঠিত চট্টগ্রাম-১০ আসনে লড়ছে গণসংহতি আন্দোলন।

নগরীর এই আসনের প্রার্থী সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ (হাসান মারুফ রুমি) মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় ‘চট্টগ্রাম প্রস্তাবনা’ তুলে ধরেন।

নিবন্ধন না থাকায় বাম জোটের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীক নিয়ে লড়ছেন গণসংহতির প্রার্থীরা।

গণসংহতির কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য মারুফ বলেন, “রাজনীতিবিদদের হঠকারিতা-সুবিধাবাদ-অদক্ষ নেতৃত্ব এবং দুর্নীতিপরায়ণ-চাঁটগাবিদ্বেষী আমলাতন্ত্রের কবলে চট্টগ্রাম মৃতপ্রায় ভূতুড়ে নগরীতে পরিণত হতে চলেছে। এ কথা ভুলে গেলে চলবে না যে বাংলাদেশের মানচিত্রে চট্টগ্রাম একটি বিশেষায়িত অঞ্চল।”

ঘোষিত সাত দফার মধ্যে আছে-

>> নগরীর জলাবদ্ধতা দূরীকরণে নতুন মহাপরিকল্পনা প্রণয়ন ও সে অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন।
>> আয়তনের ভিত্তিতে গৃহকর নির্ধারণ।

>> শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি।

>> মাদক সঙ্কট থেকে উত্তরণে সুনির্দিষ্ট পরিকল্পনা।

>> অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ব্যবস্থা চালু।

>> স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি।

>> সামাজিক সংহতি পুনরুদ্ধার।

জলাবদ্ধতা নিরসনে নতুন মহাপরিকল্পনা করে কাঠামোগত পরিবর্তনে গুরুত্ব দেওয়ার কথা জানান হাসান মারুফ। তা না হলে অদূর ভবিষ্যতে জলাবদ্ধতার পাশাপাশি মারাত্মক স্বাস্থ্য সংকট দেখা দেবে বলে মন্তব্য করেন তিনি।  

তিনি বলেন, “বর্ধিত গৃহকর প্রত্যাহারের দাবিতে জনগণকে সাথে নিয়ে আন্দোলন করেছি। সেটা স্থগিত হয়েছে, পুরোপুরি বাতিল হয়নি। এর একটা নির্ভরযোগ্য সমাধানে নগরবাসীকে সাথে নিয়ে রাজপথে থাকব।”

মারুফ বলেন, “বন্দরে চট্টগ্রামের মানুষ যেন চাকরি না পায় সেরকম অদৃশ্য দেয়াল তৈরি করা হয়েছে। এই দেয়াল ভেঙ্গে চাকরির সুযোগ প্রাপ্তিতে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতে চাই।”

চট্টগ্রামের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে আরো মেডিকেল কলেজ এবং ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের দাবি জানান হাসান মারুফ।

তিনি বলেন, “নির্বাচনের পরেও আমরা এসব দাবিতে কাজ করব। পুরো চট্টগ্রাম নিয়েই আমাদের পরিকল্পনা আছে।”

নির্বাচনী প্রচার শুরুর প্রথম দিন থেকে বাধা পাচ্ছেন বলে অভিযোগ করেন গণসংহতির মারুফ।

তিনি বলেন, “এই বাধা ও হুমকি আসছে সরকারি দলের দিক থেকে। কোথাও প্রচারণায় গিয়ে বক্তব্য দিলেই তারা বলছে- ‘গণসংযোগ করুন, সমালোচনা করতে পারবেন না’।

“এ কারণে ভোটাররাও শঙ্কিত। তারা আমাদের বলছেন- ভোট দিতে পারবো তো? আমরা বলেছি- আপনারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে আসুন, ভোট দিন।”