২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নানা আয়োজনে চট্টগ্রামে বিজয় দিবস পালিত

সুখী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2018, 04:30 PM

Updated : 11 Oct 2022, 12:50 PM

রোববার দিনের প্রথম প্রহরে শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের অনুষ্ঠান।

প্রথম প্রহরে নগর পুলিশের সদস্যরা সস্শস্ত্র অভিবাদন জানায় শহীদদের।

শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। আওয়ামী লীগের পক্ষ থেকেও তিনি পুষ্পমাল্য অর্পণ করেন শহীদ মিনারে।

এরপর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মাহাবুবর রহমান, জেলা প্রশাসক ইলিয়াছ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার।

সকাল থেকে সব বয়সীদের সাথে শিশু-কিশোররাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের।   

আওয়ামী লীগ, বিএনপির পাশাপাশি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, ওয়ার্কাস পার্টি, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্র ইউনিয়ন, উদীচী, খেলাঘরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পাশাপাশি বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুরোর পক্ষ থেকেও নানা ধরনের কর্মসূচিও পালন করা হয়।

সকালে বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হয় শোভাযাত্রা।

উদীচী চেরাগী পাহাড় মোড়ে আয়োজন করা হয় মুক্তিযুদ্ধের প্রামান্য চিত্র প্রদর্শনী।

এমএ আজিজ স্টেডিয়ামে জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ।