সীতাকুণ্ডে এএসআইকে পিটিয়ে ইয়াবাসহ থানায় দিল জনতা
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিজ বাড়িতে এক পুলিশ সদস্যকে মারধরের পর ইয়াবাসহ থানায় দিয়েছে স্থানীয়রা।
উপজেলার পূর্ব বাকখালীতে মঙ্গলবার রাতে ওই ঘটনা ঘটে।
সদ্য এএসআই হিসেবে পদোন্নতি পাওয়া মোশাররফ হোসেন কর্ণফুলী থানায় কর্মরত।
তবে তাকে মারপিটের কারণ জানাতে না পারলেও ঘটনাটিকে ‘সন্দেহজনক’ বলছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ওসি দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোশাররফ ছুটিতে নিজ বাড়ি বাকখালীতে এসেছিলেন। রাতে স্থানীয় কিছু লোকজন মোশারফকে মারধর করে ১০টি ইয়াবাসহ থানায় দেয়।
ঘটনাটি ‘সন্দেহজনক’ মন্তব্য করে ওসি বলেন, “মোশারফ শারিরীকভাবে অসুস্থ। তাছাড়া তার সাথে এলাকায় কিছু লোকের ‘বিরোধ’ আছে।”
ঘটনাটির তদন্তের প্রয়োজন বলে জানান তিনি।
এব্যাপারে কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ ও কর্ণফুলী জোনের সহকারী কমিশনার জাহেদুল ইসলামের সাথে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
