২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের আগে উস্কানি নিয়ে সতর্ক থাকার তাগিদ

সাম্প্রদায়িক স্লোগানে যারা নির্বাচন করতে চায়, তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2018, 10:31 PM

Updated : 11 Oct 2022, 12:44 PM

রোববার সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মান্নান বলেন, “পঁচাত্তর পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় এসেছেন, তারাই ক্ষমতা পাকাপাকি করার জন্য ধর্মের অপব্যবহার করেছেন। অতীতে ক্ষমতাকে পাকাপোক্ত করতে কিছু দল ধর্মকে ব্যবহার করেছে।

“শুধু নির্বাচন নয়, যে কোনো সময় অর্থাৎ পূজা পার্বনে আমরা শংকিত থাকি। কারণ ছোটবেলায় দেখতাম পূজায় কোনো পুলিশ নেই। নির্বিঘ্নে পূজা হচ্ছে। এখন নিরাপত্তার জন্য পুলিশ দিতে হয়। তেমনি পয়লা বৈশাখের অনুষ্ঠানেও পুলিশ দিতে হয়। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য সম্প্রীতি দরকার।”

অধ্যাপক মান্নান বলেন, “সামনের নির্বাচন আসছে। কোনো সাম্প্রদায়িক উসকানিতে কান দেওয়া দেওয়া যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য যাতে দিতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।”

সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, সামনে নির্বাচন আসছে। তাই ঐক্য এবং সম্প্রীতি বজায় রাখতে হবে।

সম্প্রীতি বাংলাদেশ’র উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “চট্টগ্রাম সবসময় ভালো কাজ এবং প্রগতির সঙ্গে ছিল। এই চট্টগ্রাম বীর চট্টগ্রাম। যারা দেশে সম্প্রীতি বিনষ্ট করে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্য। তাদের বিষদাঁত ভেঙে দিতে চাই।”

সংগঠনের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, “সম্প্রীতির বার্তা নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি। মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষতার পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে, সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে একসাথে কাজ করতে চাই।”

ঢাকার পর চট্টগ্রামে এই অনুষ্ঠান করল সম্প্রীতি বাংলাদেশ।   

সিডিএ মসজিদের খতিব অধ্যাপক গিয়াস উদ্দিন তালুকদার বলেন, কোনো ধর্ম হানাহানি এবং ঘৃণায় বিশ্বাস করে না। ভেদাভেদ ভেঙে মানুষের কল্যাণ করায় ধর্মের লক্ষ্য।

সীতাকুণ্ড শংকর মঠের সভাপতি তপনানন্দ মহারাজ বলেন,শান্তির কথা বলে ধর্ম । যারা ধর্ম প্রচার করে তাদের অনেকে ভুলভাবে ব্যাখ্যা করে। এতে সম্প্রীতি নষ্ট হয়।

ক্যাথলিক চার্চের সদস্য এলড্রিন বিশ্বাস বলেন, খ্রিস্টান জনগোষ্ঠীতে কোনো রাজাকার নেই। প্রায় দেড় হাজার মুক্তিযোদ্ধা ছিল। খ্রিস্টান ধর্ম সবসময় সম্প্রীতির কথা বলে।

সমাবেশে অন্যান্যের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীত দত্ত, অধ্যাপক আনোয়ারা আলম, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যাবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য, প্রথম আলোর উপ বার্তা সম্পাদক ওমর কায়সার, কবি সাংবাদিক রাশেদ রউফ,  বিএফইউজে সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, আবৃত্তিকার অঞ্চল চৌধুরী বক্তব্য রাখেন।

সমাবেশের শুরুতে সংগীত ও আবৃত্তি পরিবেশন করে নজরুল সংগীত শিল্পী সংস্থা, তারুণ্যের উচ্ছ্বাস ও শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা।