জেএসসি: চট্টগ্রামে পরীক্ষার্থী বেড়েছে ২২ হাজার
এবছর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসবে দুই লাখের বেশি শিক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার পরীক্ষায় অংশ নেবেচট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার এক হাজার ২৩৯টি স্কুলের দুই লাখ পাঁচ হাজার ৫৩৭ জন শিক্ষার্থী।
পরীক্ষার্থীর এই সংখ্যা গতবছরের চেয়ে ২১ হাজর ৯৩০ জন বেশি। গতবছর এই শিক্ষা বোর্ড থেকে এক লাখ ৮৩ হাজার ৬০৭ শিক্ষার্থী জেএসসি দিয়েছিল।
এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ১৪ হাজার ৪৪৩ জন ছাত্রী ও ৯১ হাজার ৯৪ জন ছাত্র বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার জানিয়েছেন, দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগামী ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দুই হাজার ৯০৩টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নেবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী, এবছর চট্টগ্রামে পরীক্ষাকেন্দ্র থাকছে ২২৪টি। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ১৩৩, কক্সবাজারে ৩৩, রাঙামাটি ২৩, খাগড়াছড়ি ২২ ও বান্দরবানে ১৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম জেলার এক লাখ ৪১ হাজার ০৫৪ জন, কক্সবাজারের ৩২ হাজার ৮২৩, রাঙামাটির ১১ হাজার ৮১০, খাগড়াছড়ির ১৩ হাজার ৪৭০ ও বান্দরবানের ছয় হাজার ৩৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
এবছর চট্টগ্রাম বোর্ডের অধীনে এক লাখ ৭৯ হাজার ৮৪৫ জন নিয়মিত, ২৫ হাজার ৬৮৭ জন অনিয়মিত এবং পাঁচ পরীক্ষার্থী মান উন্নয়ন পরীক্ষায় বসবে।
