চট্টগ্রামে হিউম্যান হলারের ধাক্কায় ৩ স্কুলছাত্রী আহত
চট্টগ্রামে হিউম্যান হলারের ধাক্কায় তিন স্কুল ছাত্রী আহত হয়েছে।
সোমবার সকালে পটিয়া উপজেলার বড় উঠান এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়।
আহত ইলা আক্তার, সায়মা আক্তার ও সোনিয়া আক্তার পটিয়া উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে ইলা ও সায়মা সপ্তম শ্রেণির ও সোনিয়া নবম শ্রেণির শিক্ষার্থী।
পটিয়া থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বড় উঠান রাস্তার মাথায় স্কুল শিক্ষার্থীরা অপেক্ষায় ছিল গাড়ির জন্য। এসময় অনোয়ারার দিকে যাওয়া একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়।
তাদের দ্রুত উদ্ধর করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আহতদের মধ্যে ইলা ও সায়মাকে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে এবং সোনিয়াকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
এদিকে দুর্ঘটনার পর গাড়িটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
