পরিবহন ধর্মঘটে নাজেহাল চট্টগ্রামবাসী
পরিবহন শ্রমিকদের ধর্মঘটে সারা দেশের মতো বন্দরনগরী চট্টগ্রামে বাস ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে; এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
রোববার সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা হিউম্যান হলার, টেম্পু চোখে পড়লেও বাস কিংবা পণ্যবাহী কোন গাড়ি চলাচল করতে দেখা যায়নি।
শাহ আমানত সেতু মোড়, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি, ইস্পাহানি, অলংকার মোড়, টাইগারপাস, দেওয়ান হাট ও বাদামতলী এলাকায় ছিল গাড়ির অপেক্ষায় থাকা মানুষের লম্বা লাইন।
অনেকক্ষণ অপেক্ষা করেও গাড়ির দেখা না পেয়ে ফিরে গেছেন অনেকে; কেউ কেউ আবার পায়ে হেঁটেই রওনা হয়েছেন গন্তব্যের দিকে।
মুরাদপুর মোড়ে কথা হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী সাইফুল ইসলামের সঙ্গে; তার গন্তব্য আগ্রাবাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অফিসে যাওয়ার জন্য সকাল সাড়ে ৮টা থেকে এখানে গাড়ির অপেক্ষা করছিলাম। কিছু না পেয়ে এখন হেঁটেই রওনা হয়েছি।”
সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটে সারা দেশে বাস ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে।
তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য চট্টগ্রাম-হাটহাজারী রুট ধর্মঘটের আওতামুক্ত রয়েছে বলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্ব অঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী জানান।
তাদের দাবিগুলো হলো- সড়ক দুর্ঘটনার সব মামলা জামিনযোগ্য করা, দুর্ঘটনায় চালকের পাঁচ লাখ টাকা জরিমানার বিধান বাতিল, চালকের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণির পরিবর্তে পঞ্চম শ্রেণি পর্যন্ত করা, ৩০২ ধারার মামলার তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখা, পুলিশি হয়রানি বন্ধ, ওয়ে স্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল এবং গাড়ি নিবন্ধনের সময় শ্রমিক ফেডারেশন প্রতিনিধির প্রত্যয়ন বাধ্যতামূলক করা।
তবে পরিবহন শ্রমিক নেতারা এই ধর্মঘটকে তাদের দাবি আদায়ের জন্য কর্মবিরতি বলে দাবি করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মৃণাল বলেন, “আট দফা দাবিতে পরিবহন শ্রমিকরা গাড়ি না চালিয়ে কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি যৌক্তিক।”
সকালে শাহ আমানত সেতু এলাকায় দেখা গেল পরিবহনের জন্য অপেক্ষায় থাকা বহু লোকজনকে। তাদের অধিকাংশই দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও চাকরিজীবী।
পটিয়াতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শ্রাবনী বিশ্বাস বলেন, “দুই ঘণ্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। বাসতো পাচ্ছিই না; অতিরিক্ত ভাড়া দিতে চাইলেও অটোরিকশা টেম্পুর মত ছোট গাড়িগুলো যেতে চাইছে না।”
বাকলিয়া থানার ওসি প্রণব কুমার চৌধুরী বলেন, শ্রমিক ধরর্মঘটের কারণে সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। তবে ওই এলাকায় কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় অটো রিকশা চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন। ৫০/৬০ টাকার ভাড়া দেড় থেকে দুইশ টাকা পর্যন্ত দাবি করছে তারা।
নগরীর আন্দরকিল্লা থেকে শাহ আমানত সেতু এলাকায় সাধারণত ১০০ থেকে ১২০ টাকায় অটোরিকশায় যাতায়াত করলেও রোববার যাত্রীদের কাছ থেকে দুইশ টাকার বেশি ভাড়া আদায় করছেন চালকরা।
