২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2018, 08:08 PM

Updated : 11 Oct 2022, 12:43 PM

শনিবার প্রথমদিন ‘বি’ ইউনিটের (নাট্যকলা, চারুকলা ও সংগীত বিভাগ ব্যতিত কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বিভাগ) ভর্তি পরীক্ষা হয়।

পরীক্ষায় চার হাজার ২৯০ জন অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মো সেকান্দর চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পরীক্ষায় মোট ২৭ হাজার ৫০০ জন অংশ নিয়েছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিশৃঙ্খলা বা অসদুপায়ের চেষ্টা করেননি কোনো শিক্ষার্থী।”

বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া তথ্যানুযায়ী, এই ইউনিটে এক হাজার ৬০০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ৩১ হাজার ৭৯০টি।

এবার জালিয়াতি রোধে প্রথমবারের মত দুই শিফটে নেওয়া হচ্ছে পরীক্ষা। এছাড়া যেকোনো ধরনের প্রক্সি রোধ করতে বিশেষ অ্যাপ ব্যবহার করবেন পরীক্ষার প্রধান পরিদর্শক।

রোববার অনুষ্ঠিত হবে ‘ডি’ (সমাজবিজ্ঞান, আইন ও ব্যবসায় প্রশাসন  অনুষদভুক্ত সকল বিভাগ বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এবং জীব বিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য) ইউনিটের ভর্তি পরীক্ষা ।

Image
ভর্তি পরীক্ষা দিতে শাটল ট্রেনে শিক্ষার্থীরা

ভর্তি পরীক্ষা দিতে শাটল ট্রেনে শিক্ষার্থীরা

সকাল ৯.৪৫টা থেকে এই ইউনিটের অধীন ৫০০০০১ থেকে ৫২২২৮৪ রোল নম্বরের শিক্ষার্থীদের পরীক্ষা হবে। আর দুপুর ২.১৫টায় শুরু হবে ৫২২২৮৫ থেকে ৫৪৪৫৬৮ রোলের শিক্ষার্থীদের পরীক্ষা।

‘ডি’ ইউনিটে এক হাজার ১০৪ আসনের বিপরীতে ৪৪ হাজার ৫৬৮টি  আবেদন জমা পড়েছে।

এদিকে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের সুপেয় পানি পান ও ভোটের প্রচার চালিয়েছে ছাত্রলীগ।

পরীক্ষা শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের মূল গেটে দাঁড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে লিফলেট তুলে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

লিফলেটে সরকারের উন্নয়নের চিত্র এবং আগামী দিনে সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার পরিকল্পনার কথা বলা হয়েছে। ছাত্রলীগ নেতাকর্মীরা ভোটারদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

টিউশনের টাকায় লিফলেট ছাপানোর দাবি করে ছাত্রলীগকর্মী মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের উন্নয়ন অব্যহত রাখতে শেখ হাসিনা সরকারের গুরুত্ব অপরিসীম, তাই দেশের উন্নয়ন বজায় রাখতে এ উদ্যোগ।