২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপি কার্যালয়ের সামনে হবে ঐক্যফ্রন্টের সমাবেশ

চট্টগ্রামের নুর আহমদ সড়কে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2018, 08:43 PM

Updated : 19 Aug 2022, 02:47 PM

শনিবার বেলা ২টা থেকে শুরু হওয়া এ সমাবেশে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

শরিক দল বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি আবু সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবারের সমাবেশের জন্য লালদীঘির মাঠের জন্য আবেদন করা হলেও পুলিশের পক্ষ থেকে নুর আহমদ সড়কে দলীয় কার্যালয়ের সামনে অনুমতি মিলেছে।

“সমাবেশে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এজন্য ইতিমধ্যে মহানগর বিএনপির পক্ষ থেকে প্রস্তুতি সভাও করা হয়েছে।”

নবগঠিত নতুন এই জোটের কাণ্ডারি গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জাসদের আ স ম আবদুর রব, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগে বুধবার ঢাকার বাইরে সিলেটে রেজিস্ট্রি মাঠে জোটের প্রথম সমাবেশ হয়।