২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ শেখর দস্তিদারের মৃত্যু

চট্টগ্রাম কলেজ ও চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা শেখর দস্তিদার আর নেই।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2018, 12:07 PM

Updated : 19 Aug 2022, 02:47 PM

বুধবার গভীর রাতে বন্দরনগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেখর দস্তিদার ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়েও নেওয়া হয়েছিল।

“সেখান থেকে মাসখানেক আগে দেশে ফেরেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চলতি মাসের শুরুর দিকে উনাকে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। গতরাতে তিনি মারা যান।”

বৃহস্পতিবার সকাল ১০টায় শেখর দস্তিদারের দেহ তার শেষ কর্মস্থল চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। সেখানে এই মুক্তিযোদ্ধার প্রতি জানানো হয় রাষ্ট্রীয় সম্মান।

চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এই শিক্ষকের প্রতি।

দুপুরে নগরীর বলুয়ার দীঘি মহাশশ্মানে শেখর দস্তিদারের শেষকৃত্য হবে বলে অধ্যাপক জাহাঙ্গীর জানান।

বিপ্লবী পরিবারের সন্তান শেখর দস্তিদার ১৯৭১ সালে চট্টগ্রামের পটিয়ার গৈরলার টেকসহ বিভিন্ন যুদ্ধে অংশ নেন।

তার কাকা বিপ্লবী অর্ধেন্দু দস্তিদার ১৯৩০ সালে ব্রিটিশবিরোধী যুব বিদ্রোহে শহীদ হন। সেই যুব বিদ্রোহের অন্যতম প্রধান সংগঠক পূর্ণেন্দু দস্তিদার ছিলেন শেখর দস্তিদারের জ্যাঠা। আর বীরকণ্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন শেখর দস্তিদারের পিসি।

মুক্তিযোদ্ধা শেখর দেশ স্বাধীন হওয়ার পর চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে যোগ দেন শিক্ষকতায়। তিনি দীর্ঘদিন রাঙামাটি কলেজ ও খাগড়াছড়ি কলেজে শিক্ষকতা করেন। এরপর চট্টগ্রাম চারুকলা কলেজ এবং সবশেষ চট্টগ্রাম কলেজে অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম কলেজে তার সাড়ে চার বছরের মেয়াদকালে প্রথমবারের মত শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হয়। তিনিই এ কলেজে সব জাতীয় দিবস পালন শুরু করেন।

অধ্যক্ষ শেখর দস্তিদার স্ত্রী ও দুই ছেলেকে রেখে গেছেন।