২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মীয় অনুভূতিতে আঘাত: চট্টগ্রামের জাপা নেতা মাহমুদুলের নামে মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2018, 02:34 PM

Updated : 19 Aug 2022, 02:47 PM

বুধবার বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাঈনুল ইসলামের আদালতে অভিযোগটি করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক স্বপন কুমার দাশ।

আদালত অভিযোগ আমলে নিয়ে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বাঁশখালী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে বাদির আইনজীবী মোহাম্মদ আবছার জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ধর্মীয় অনভূতিতে আঘাতের অভিযোগে দণ্ডবিধির ২৯৮ ধারায় মামলাটি করা হয়।

“আদালত অভিযোগ তদন্ত করে ৩ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বাঁশখালী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।”

মামলার বাদি স্বপন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৮ অক্টোবর মহানবমীর দিন উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পশ্চিম চেচুরিয়া শিলপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনে এসে মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, ‘দেবী দুর্গার যেমন ১০ হাত আমারও তেমন ১০ হাত’।

“এই মন্তব্য আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এছাড়া বাবরি মসজিদের ঘটনার পর বাঁশখালীর ঋষিধামসহ বিভিন্ন মন্দিরে হামলার ঘটনা ঘটেছিল। তাই বাধ্য হয়ে আমরা আদালতে মামলা করতে এসেছি।”

ঘটনার বিষয়ে জানতে চাইলে মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পূজার সময় প্রতিবছরই আমরা মণ্ডপ পরিদর্শনে যাই। এবারও গিয়েছি। কে মামলা করেছে, কেন মামলা করেছে কিছুই আমি জানি না। কোনো বিষয়ে না জেনে মন্তব্য করতে চাই না।”

মণ্ডপ পরিদর্শনে গিয়ে দেবী দুর্গার ১০ হাতের সাথে নিজের তুলনা করে কোনো বক্তব্য দিয়েছেন কি না জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী দলীয় মনোনয়নে তিনবার বাঁশখালী থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রও ছিলেন।