২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হিজবুত নেতা গ্রেপ্তার

নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকা থেকে জিহাদী বইসহ হিজবুত তাহরীরের এক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2018, 09:17 PM

Updated : 19 Aug 2022, 02:39 PM

রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চান্দগাঁও থানাধীন স্বাধীনতা কমপ্লেক্সের সামনে থেকে মো. তানজীব হোসেন (৩০) নামের ওই নেতাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর এএসপি কাজী মো. তারেক আজিজ।

গ্রেপ্তার তানজীবের কাছ থেকে নিষিদ্ধ হিজবুত তাহরীরের বেশকিছু জিহাদী বই-লিফলেট, মোবাইলের মেমোরি কার্ড জব্দ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে হিজবুতের কিছু নেতাকর্মী বৈঠকের জন্য স্বাধীনতা কমপ্লেক্সের সামনে জড়ো হচ্ছে।

“র‌্যাবের অভিযানের বিষয়টি টের পেলে কয়েকজন সটকে পড়ে। কিন্তু তারেককে জিহাদী বইসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।”

র‌্যাব কর্মকর্তা তারেক বলেন, তানজীব প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে হিজবুতের আঞ্চলিক আমির বলে পরিচয় দিয়েছেন। তিনি আনোয়ারা কেইপিজেডে ইয়ংওয়ানের একটি কারখানায় কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কাজ করেন।

তানজীবের গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার রহমতনগর গ্রামে। তিনি নগরীর সরকারি কমার্স কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন বলে র‌্যাব জানায়।