২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক মাইদুলের পক্ষে বিবৃতিতে মিথ্যাচার, দাবি ছাত্রলীগ নেতাদের

ফেইসবুকে শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলামকে কারাগারে পাঠানোর পরদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিবৃতিতে ‘মিথ্যাচার’ করা হয়েছে বলে দাবি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2018, 08:19 PM

Updated : 19 Aug 2022, 02:39 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন ফয়সাল পারভেজ।

তিনি বলেন, “মাইদুল স্যারের মুক্তির দাবিতে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিবৃতি দিয়েছেন। বিবৃতি সকলেই দিতে পারে, কিন্তু বিবৃতিতে শিক্ষকরা মূল বিষয় লুকিয়েছেন।"

কোনো আন্দোলনে সমর্থন দেওয়া বা না দেওয়ার বিষয়ে শিক্ষক মাইদুল ইসলামের নামে মামলা দায়ের করা হয়নি দাবি করে তিনি বলেন, “মামলায় এ বিষয়ে কোন অভিযোগ করা হয়নি। শিক্ষক মাইদুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করছেন।”

ইমাম উদ্দিন ফয়সাল পারভেজ বলেন, “দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উসকানি দাতা মাইদুল ইসলামের মুক্তির দাবিতে ৫০ শিক্ষকের দেওয়া বিবৃতিতে মিথ্যাচার ও সত্য গোপনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার, সহ-সম্পাদক মো. পারভেজ, সদস্য মো. ইফতেখার উদ্দিন আয়াজ প্রমুখ।