মুক্তিযোদ্ধার কবর সংস্কারে ছাত্রলীগ
চট্টগ্রাম নগরীতে পূর্ব রেলের সদর দপ্তর সিআরবি এলাকায় একজন শহীদ মুক্তিযোদ্ধার কবর সংস্কার করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
অবহেলায় পড়ে থাকা শহীদ মুক্তিযোদ্ধার কবরের বিষয়ে ফেইসবুকে জানতে পেরে এই উদ্যোগ নেন নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।
বৃহস্পতিবার সকালে সিআরবি এলাকায় গিয়ে কবরটি খুঁজে বের করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
এরপর সেখানে জমে থাকা আর্বজনা ও বালি-মাটি অপসারণ করে ধুয়ে সেখানে ফুলের পাপড়ি ছড়িয়ে দেওয়া হয়, টানিয়ে দেওয়া হয় একটি ফেস্টুন।
এতে লেখা আছে- “হে পথিক, এখানে ময়লা আবর্জনা ফেলিবেন না। এখানে ঘুমিয়ে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুল হাসিম।– অনুরোধে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।”
জাকারিয়া দস্তগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফেইসবুকে একজনের দেওয়া পোস্ট থেকে শহীদ মুক্তিযোদ্ধার কবরটির এ অবস্থা সম্পর্কে জানতে পারি।
“আজ সকাল ৯টায় সেখানে গিয়ে দেখি পরিচ্ছন্নতাকর্মীরা ঝাড়ু দিয়ে সব ময়লা এনে ওই কবরের কাছে ফেলছে। জানতে চাইলাম এটা কি ময়লা ফেলার জায়গা? জবাবে তিনি বললেন, সবাই তো ফেলে।
“এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা কবরটি থেকে আর্বজনা ও মাটি সরিয়ে নেয়। কবরটি ধুয়ে দেয়।”
এরপর সেখানে যান নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু। তার নেতৃত্বে ছাত্রলীগ নেতা-কর্মীরা কবরে ছড়িয়ে দেন ফুল।
জাকারিয়া দস্তগীর বলেন, “সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ কবরটি যেন যথাযথ সম্মানের সাথে পরিচ্ছন্ন রাখা হয়।”
কবর সংস্কারে অংশ নেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল উদ্দিন জাহেদ, সাংগঠনিক সম্পাদক মঈন শাহরিয়ার, কার্যনির্বাহী সদস্য মুনির চৌধুরী ও মাহমুদুর রশিদ।
রেলওয়ে হাসপাতালের কর্মচারী আবদুল হাসিম ১৯৭১ সালের ১৯ এপ্রিল শহীদ হন। তিনি রেলওয়ে হাসপাতাল কলোনির বাসিন্দা ছিলেন।
২০১২ সালে সিআরবি এলাকায় শিরিষ তলা মঞ্চ পাকাকরণ ও সৌন্দর্য বর্ধনের সময় এই কবরটি রক্ষার আবেদন জানায় নববর্ষ উদযাপন পরিষদ।
পরিষদের সেসময়ের সদস্য সচিব সাংবাদিক কামরুল হাসান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কবরটি পাকা করে দিতে এবং সংরক্ষণ করতে তখন পরিষদের পক্ষ থেকে রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি সাংসদ ফজলে করিম চৌধুরীর কাছে গিয়ে দাবি জানাই।
“তিনি দাবি মেনে সেটি সংরক্ষণের ব্যবস্থা করে দেন। কবরটি সংস্কারে ছাত্রলীগ যে উদ্যোগ নিয়েছে তা খুব ভালো। আশা করি, ছাত্রলীগ এধরনের ইতিবাচক কাজে এগিয়ে আসবে সবসময়।”
