২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ক্যাম্পাসে জখম হরিণ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহত অবস্থায় একটি হরিণ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2018, 04:52 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

বৃহস্পতিবার সকালে বিজ্ঞান অনুষদের নিচ তলায় গ্রিলের সঙ্গে আটকে থাকা হরিণটিকে উদ্ধারের পর চিকিৎসার জন্য চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজ্ঞান অনুষদ ভবনের পেছনের পাহাড় থেকে মায়া হরিণটি নেমে এসেছে বলে ধারণা করছি।”

চিড়িয়াখানার চিকিৎসক শাহাদাৎ হোসাইন শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মায়া হরিণটি আনুমানিক বয়স চার বছর। অন্য কোনো পুরুষ হরিণের সঙ্গে লড়াই করে এটি আহত হয়েছে।

তিনি বলেন, “বর্ষা মৌসুমের শেষে মায়া হরিণের প্রজনন মৌসুম। এসময় সঙ্গিনীকে নিজের করার জন্য দুটি পুরুষ হরিণের লড়াই হয়। এ হরিণটিও লড়াই করে আহত হয়েছে।

হরিণের জখমটি মারাত্মক জানয়ে শুভ বলেন, দ্রুত চিকিৎসা করা না গেলে অতিরিক্ত রক্তক্ষরণে হরিণটি মারা যেতে পারত।

চিকিৎসা দেওয়ার পর হরিণটি বর্তমানে সুস্থ আছে এবং সেটিকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রাম শহর থেকে ২২ কিলোমিটার দূরে পাহাড় ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখা মেলে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর। বিভিন্ন সময়ে ছাত্রাবাসেও এসব হরিণ চলে আসে।