২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ছিনতাইকারী গ্রেপ্তার

নগরীর খাতুনগঞ্জ এলাকায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় স্থানীয়দের সহায়তায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2018, 06:06 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

গ্রেপ্তাররা হলেন মো. শহীদুল ইসলাম ইমন (২৪) এবং দুলাল মোহাম্মদ ইমরান (২৬)।

ইমন ডবলমুরিং থানার দাম্মা পুকুর পাড় এলাকার ইউসুফ আলমগীরের ছেলে, আর ইমরান হালিশহর থানার মধ্যম রামপুর এলাকার মৃত সিরাজুদ্দৌলার ছেলে।

ছিনতাইয়ের সময় ব্যবহৃত ‘পুলিশ’ লেখা স্টিকারযুক্ত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত মানিক (৩২) নামের অন্য একজন পালিয়ে গেছে।

মো. আউয়াল ও টিটু নগরীর নতুন ফিশারিঘাট এলাকায় ইসলামের মাছের আড়তের কর্মচারী।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর পৌনে চারটার দিকে মাছের আড়তের কর্মচারী আউয়াল ও টিটু বাকলিয়ার মিয়া সওদাগরের পুল এলাকা থেকে রিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন।

“খাতুনগঞ্জের পীতম্বর শাহর দোকানের সামনে পৌঁছালে মোটর সাইকেল নিয়ে আসা তিনজন তাদের রিকশার গতিরোধ করে। ডিবি পুলিশ পরিচয় দিয়ে তারা আউয়ালের পকেটে থাকা দুটো মোবাইল ফোন সেট এবং টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

“এসময় আউয়াল ও টিটুর চিৎকারে টহল পুলিশের একটি দল এগিয়ে যায়। স্থানীয়রাও এগিয়ে আসে। তারা ধাওয়া করে ছিনতাইকারীদের দুইজনকে ধরে ফেলে।”

এ ঘটনায় আউয়াল তিন ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা করেছেন।