লোহাগাড়ায় তৃণমূলের মতেই মনোনয়ন: আমিন
তৃণমূলের দাবির বাইরে গিয়ে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনে দলীয় সভানেত্রী কাউকে মনোনয়ন দেবেন না বলে স্থানীয় নেতাকর্মীদের আশ্বস্ত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
মঙ্গলবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা সদরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আশ্বাসবাণী দেন।
আমিন বলেন, “অনেকে শঙ্কিত এই সাতকানিয়া লোহাগাড়ায় নৌকা প্রতীকে কে নির্বাচন করবেন? তবে আজকের এই শোক সভায় বলতে চাই, বঙ্গবন্ধু কন্যা তৃণমূলের দাবির বাইরে গিয়ে কাউকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠাবেন না।
“আমি বলছি, শেখ হাসিনা যাকে নমিনেশন দিয়ে আপনাদের কাছে পাঠাবেন, তাকেই যেন বিজয়ী করতে পারেন সেজন্য তৃণমূলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।"
সভার প্রধান বক্তা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, “লোহাগাড়ার নেতাকর্মীরা দল ক্ষমতায় থাকার পরও কঠিন সময় পার করছেন। আপনাদের মনের ভাষা আমরা বুঝি।
"লোহাগাড়ার আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন ডাবল জামায়াত ফেইস করতে হচ্ছে। এখানে তৃণমূলের প্রার্থীকে নৌকার প্রতীক দিতে ইতোমধ্যে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলের হাইকমান্ডকে বার্তা দেওয়া হয়েছে। হাউব্রিড-জামাতি ঘরনার কাউকে আমরা এমপি হতে দিতে পারি না।”
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক এমপি দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী চেমন আরা তৈয়ব বলেন, বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
সাতকানিয়া-লোহাগাড়া আসনের বর্তমান সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী। ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে তিনি নির্বাচিত হন।
সাংসদ নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীর বাবা মোমিনুল হক চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনয়নে একাধিকবার সংসদ সদস্য পদে প্রার্থী হন। মোমিনুল হক চৌধুরী জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্যও।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতকানিয়া-লোহাগাড়া আসনে দলের মনোনয়ন নিয়ে সাংসদ পদে নিজের প্রার্থী হওয়ার আগ্রহের কথা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা আমিন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক নুরুল আবছার, উপ দপ্তর সম্পাদক বিজয় বড়–য়া, সাতকানিয়া পৌরসভার মেয়র ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ জোবায়ের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জান আলম প্রমুখ।
এতে উপজেলার নয়টি ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের সভাপতি সম্পাদকসহ নেতাকর্মীরা যোগ দেন।
