চট্টগ্রামে নিজবাসায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম নগরীতে নিজ বাসা থেকে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত আশরাফ উল্লাহ আদনান (১৬) চান্দগাঁও নর্দান পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
সে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ধোরলা গ্রামের ওমানপ্রবাসী শেখ আবুল হোসেনের ছেলে।
শনিবার দুপুরে নগরীর বাকলিয়া থানায় চাক্তাই সোবাহান সওদাগর রোডের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানিয়েছেন।
পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে বাকলিয়া থানার এসআই মফিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার আদনানের মা তার অপর দুই ভাই বোনকে নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিল। এসময় আদনানকে নিতে চাইলেও সে যায়নি।
“সকালে তারা বাড়ি থেকে ফিরে এসে জানালা দিয়ে ফ্যানের হুকের সাথে ঝুলন্ত অবস্থায় আদনানকে দেখতে পায়।”
মফিজ বলেন, আদনান চান্দগাঁও আবাসিক এলাকায় স্কুল হোস্টেলে থাকতো। ঈদের ছুটিতে তার মা তাকে বাসায় নিয়ে আসে।
