চট্টগ্রামে গরুহাটের ইজারাদারকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২
চাঁদা না পেয়ে গুলি ছুড়ে গরু বাজারের ইজারাদারকে হত্যাচেষ্টার অভিযোগে চট্টগ্রাম নগরীতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে বিবিরহাট গরু বাজারে গুলি ছোড়ার ঘটনার পর গভীর রাতে তাদেরকে মোহম্মদপুর ও মুরাদপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে পাঁচলাইশ থানার পরিদর্শক ওয়ালি উদ্দিন আকবর জানিয়েছেন।
এ ঘটনায় ব্যবহৃত একনলা একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার শিকার বিবিরহাট গরু বাজারের ইজারাদার মো. ঈছা বাদি হয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। পরে পুলিশ বাদি হয়ে আরেকটি হত্যাচেষ্টা মামলা করেছে।
পুলিশ পরিদর্শক ওয়ালি উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৮ অগাস্ট সন্ত্রাসীরা গরু বাজারে গিয়ে ইজারাদার ঈছার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে বলে তিনি অভিযোগ করেছেন।
“বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার দুজনসহ নয় জন সন্ত্রাসী বাজারে গিয়ে আবার চাঁদা চায়। এসময় তারা ঈছাকে আক্রমণের চেষ্টা করে। তখন তারা গুলি ছুড়লেও তা ঈছার গায়ে লাগেনি। পুলিশের উপস্থিতির কারণে সন্ত্রাসীরা পালিয়ে যায়।”
ওয়ালি উদ্দিন বলেন, পরে অভিযান চালিয়ে মোহম্মদপুর থেকে জহির ও মুরাদপুর থেকে শোয়েবকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সময় ব্যবহৃত বন্দুকটিও উদ্ধার করা হয়েছে।
