যান চলাচল স্বাভাবিক হচ্ছে চট্টগ্রামে
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ডাকা অঘোষিত ধর্মঘট শেষে দেশের অন্যান্য স্থানের মতো চট্টগ্রামেও যান চলাচল শুরু হয়েছে; যদিও রাস্তায় যানবাহন চলছে স্বাভাবিকের তুলনায় কম।
সোমবার সকাল থেকে চট্টগ্রাম থেকে দূর পাল্লার বাস ছেড়ে যাচ্ছে।
দামপাড়া গ্রিন লাইন বাস কাউন্টারের ব্যবস্থাপক বিপ্লব আইচ বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে বাস সময় অনুযায়ী ছেড়ে যাচ্ছে। যাত্রী সংখ্যাও পর্যাপ্ত আছে।
মহানগরের সড়কে সকালে বাসসহ অন্যান্য পরিবহন কম চললেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করে।
একই কথা বলেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরাও।
তবে চট্টগ্রাম সিটি বাস-মিনিবাস-হিউম্যান হলার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল হক মিয়া ট্রাফিক সপ্তাহে গাড়ি চলাচল কম থাকার বিষয়টি অস্বীকার করেছেন।
তিনি বলেন, “গতকাল গভীর রাতে বাস চালানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এতে মালিকরা জানলেও অনেক চালক ও হেলপার জানেন না। তারা অনেকেই বাড়ি চলে গেছেন।”
এদিকে নগর পুলিশের ট্রাফিক বিভাগের উত্তর জোনের পরিদর্শক (প্রশাসন) সুভাষ চন্দ্র দে জানান, ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে নগরীতে ১৬টি স্থানে চেক পোস্ট বসিয়ে গাড়ির কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে।
ট্রাফিক সপ্তাহের প্রথম দিন রোববার বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে এক হাজারের বেশি মামলা করা হয়েছে বলে জানান বন্দর জোনের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) এমএ কাশেম চৌধুরী।
তিনি জানান, বন্দর জোনে রোববার ৪৫২টি ও উত্তর জোনে ৫৯৫টি মামলা করা হয়েছে কাগজপত্রে ত্রুটিসহ বিভিন্ন কারণে।
এছাড়াও বন্দর জোনে ২৯টি ও উত্তর জোনের ৩৫টি গাড়ি আটকও করা হয়েছে।
