চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৯
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নয়জন আহত হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক দুই গ্রুপ ‘চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার’ (সিএফসি) ও ‘বিজয়’ এর কর্মীরা সংঘর্ষে জড়ান।
সিএফসির অনুসারী এক শিক্ষার্থীকে মারধরের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী সাংবাদিকদের বলেন, এক শিক্ষার্থীকে মারধরের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
আহতরা হলেন- রাজনীতি বিজ্ঞান বিভাগের রিংকু দাশ ও সাইমুন ইসলাম, ইতিহাস বিভাগের আপন ইসলাম, মৃত্তিকা বিজ্ঞানের শাহদাত হোসেন, আধুনিক ভাষা ইন্সটিটিউটের সাইমুন হক, লোকপ্রশাসন বিভাগের আজিজুল হক মামুন, সাব্বির হোসেন ও এনামুল হক এবং আরবি বিভাগের জোবায়ের আহমদ।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার আবু তৈয়ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নয়জনকে আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজনের আঘাত বেশি।
“তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।”
এরপর সিএফসির নেতাকর্মীরা গিয়ে এ এফ রহমান হলে ভাংচুর চালান এবং বিজয় গ্রুপের পাঁচ কর্মীকে পিটিয়ে আহত করেন।
এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে কয়েকজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি ও সিএফসি গ্রুপের নেতা রেজাউল হক রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাম্পাসকে অস্থিতিশীল করতেই বিজয় গ্রুপের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে আমাদের এক কর্মীর ওপর হামলা চালায়।
“এ ঘটনার পর সিএফসির কর্মীরা তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়।”
অন্যদিকে বিজয় গ্রুপের নেতা ও ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, “জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা হয়েছে। আমরা বিষয়টি মিমাংসা করার চেষ্টা করছি।”
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, দুই পক্ষের সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
সিএফসি এবং বিজয় গ্রুপ প্রয়াত নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
