২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২টি ছুরিসহ ১০ কিশোর ও ১ তরুণ ছিনতাইকারী আটক

চট্টগ্রামে এক তরুণসহ ১০ কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ বলছে, তারা পেশাদার ছিনতাইকারী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2018, 07:28 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

শনিবার রাতে নগরীর পুরাতন রেল স্টেশন এলাকার গ্রামীণ মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়াদের মধ্যে মো. মামুন নামে ২২ বছর বয়েসী এক তরুণ আছে। অন্যরা সবাই ১২ থেকে ১৬ বছর বয়েসী কিশোর।  

মামুন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কল্লাপাথর পেট্রোবাংলা এলাকার মনিরুল ইসলামের ছেলে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে থানা পুলিশের একটি দল গ্রামীণ মাঠ থেকে দুটি ছুরিসহ তাদের গ্রেপ্তার করে।

তিনি বলেন, “ট্রেন থেকে নামার সময় অথবা স্টেশন রোড, নিউ মার্কেট ও রেয়াজউদ্দিন বাজার এলাকায় রিকশারোহী যাত্রীদের কাছ থেকে ছিনতাই করে তারা। সাধারণত তাদের টার্গেট থাকে ট্রেন থেকে নামা ও রিকশারোহী মহিলা যাত্রীরা।”

ওসি মহসিন জানান, মামুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে চারটি মামলা রয়েছে।