২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিল বকেয়া: চট্টগ্রামের দুটি সিএনজি স্টেশন বন্ধ

একুশ কোটি টাকারও বেশি বকেয়া বিল থাকায় চট্টগ্রামে ইন্ট্রাকো গ্রুপের দুটি সিএনজি স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2018, 10:15 PM

Updated : 08 Apr 2022, 06:46 PM

বৃহস্পতিবার চান্দগাঁও এলাকায় সিএনজি স্টেশন দুটি বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের সেপ্টেম্বর থেকে এ বছরের মার্চ মাস পর্যন্ত সাত মাসে ২১ কোটি ১৮ লাখ ৪১ হাজার ২৪৩ টাকা বিল বকেয়া আছে ইন্ট্রাকো গ্রুপের পাঁচটি সিএনজি স্টেশনের।

গত ২৪ এপ্রিল প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের কাছে এসব বিল ২৪ মাসে পরিশোধের জন্য আবেদন করে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) বোর্ড সভায় এসব বিল ছয় কিস্তিতে পরিশোধের জন্য অনুমোদন দেওয়া হয়।

বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ২০ জুন প্রথম কিস্তির ৩ কোটি ১৮ লাখ ৭৫ হাজার ২৯ টাকা পরিশোধের তারিখ ছিল।

ম্যাজিস্ট্রেট তৌহিদুল বলেন, “ইন্ট্রাকো ২০ জুন প্রথম কিস্তির টাকা পরিশোধ না করে এবছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বিলও বকেয়া রেখেছে।”

তিনি জানান, গত ২৫ জুন সীতাকুণ্ডে প্রতিষ্ঠানটির একটি সিএনজি স্টেশনে মিটার সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বাধার মুখে পড়েন কেজিডিসিএল কর্মকর্তারা।

জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বৃহস্পতিবার নগরীর চান্দগাঁও এলাকায় ইন্ট্রাকো সিএনজি স্টেশন ও ইস্ট অ্যান্ড অটোমোবাইল নামে সিএনজি স্টেশন দুটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ইন্ট্রাকো গ্রুপের জোনাল ম্যানেজার বকেয়া টাকা পরিশোধের অঙ্গীকার করায় প্রতিষ্ঠানটির টাইগার পাস ও পতেঙ্গার সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন না করে সময় দেওয়া হয়েছে বলে জানান তৌহিদুল।