২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তথ্য সচিবের মতবিনিময়

প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ নিয়ে চট্টগ্রামে মতবিনিময় করেছেন তথ্য সচিব আব্দুল মালেক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2018, 09:40 PM

Updated : 19 Aug 2022, 02:18 PM

মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাব হলে এ মতবিনিময় সভায় সাংবদিকদের পাশাপাশি বিভিন্ন পেশার নেতৃস্থানীয় ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

তথ্য সচিব মালেক বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশের উত্তরণ ঘটেছে। জিডিপি’র পাশাপাশি জনগণের আয়, গড় আয়ু, শিক্ষার হার বেড়েছে।

১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার সক্ষমতার কথাও বলেন তিনি।

“শেখ হাসিনা যেদিন দায়িত্ব নেন সেদিন বাংলাদেশের অবস্থান (অর্থনীতির আকারে) ছিল ৫৮তম। বর্তমানে বাংলাদেশ ১৬টি দেশকে টপকে ৪২তম দেশে উন্নীত হয়েছে।”

মালেক বলেন, মানুষের প্রাথমিক চাহিদার মধ্যে বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ প্রাথমিক চাহিদার ১০টি প্রধানমন্ত্রীর এই উদ্যোগে স্থির করা হয়েছে।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেওয়ার প্রসঙ্গ টেনে সচিব সেগুলো চালু করার কথা বলেন।

তিনি বলেন, এসব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে রাখায় সাত বছরে আর্থিক হিসেবে ৩০ থেকে ৩৫ হাজার দরিদ্র অসহায় মানুষকে তাদের অধিকার থেকে এই সরকারগুলো বঞ্চিত করেছিল।

দেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনিতে ১৪২টি কর্মসূচি চলছে জানিয়ে তথ্য সচিব বলেন, আর্থিক সক্ষমতা আরও বাড়বে।

দেশে দুর্নীতি কমে আসছে দাবি করে মালেক বলেন, “দুনীতি রন্ধ্রে রন্ধ্রে যেখানে ঢুকে গিয়েছিল, সেখান থেকে ওয়াশ করা কঠিন কাজ। তারপরও প্রধানমন্ত্রীর চেষ্টা চলছে।”

তিনি দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নেরও আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরোয়ার, চট্টগ্রাম সাংভাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বিএফইউজে’র সহ-সভাপতি শহীদ উল আলম, প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি আলী আব্বাস, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, দৈনিক আজাদীর বার্ত সম্পাদক জহুরুল ইসলাম, বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ ওমর ফারুক, ডা. মঈনুল ইসলামসহ বিভিন্ন পেশার লোকজন।  

সভার আগে পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে প্রদর্শনী দেখান।