২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনিক হত্যা: আসামি তুষারের স্বীকারোক্তি

চট্টগ্রামে অনিক হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন কলকাতা থেকে গ্রেপ্তার হওয়া মহিউদ্দিন তুষার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2018, 08:26 PM

Updated : 19 Aug 2022, 02:18 PM

মঙ্গলবার মহানগর হাকিম আবু সালেহ মো. নোমানের আদালতে এই জবানবন্দি নেওয়া হয়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার সময় উপস্থিত থাকা এবং ঘটনার পর ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে সে জানিয়েছে। অনেক প্রত্যক্ষদর্শী তাকে ঘটনাস্থলে দেখেছে।”

অনিক হত্যা মামলায় তার বাবার করা মামলায় প্রধান আসামি মহিউদ্দিন তুষার।

পুলিশ কর্মকর্তা শাহ মো. আবদুর রউফ জানান, এর আগে আরেক আসামি শোভন আদালতে জবানবন্দি দিয়েছেন। সেখানে ঘটনার বিস্তারিত বিবরণ উঠে আসে।

গত ১৭ জুন রাতে চট্টেশ্বরী রোডের মুখে প্রকাশ্যে খুন করা হয় এম আর আনিক নামের ২৬ বছর বয়সী এক যুবককে।

এই ঘটনায় অনিকের বাবা মো. নাছির চকবাজার থানায় ১২ জনকে আসামি করে মামলা করেন। যারা এলাকায় যুবলীগ ও ছাত্রলীগকর্মী হিসেবে এলাকায় পরিচিত বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার দিন পুলিশ জানিয়েছিল, ওইদিন বিকালে অনিকের ছোট ভাই রনিক ব্যাটারি গলিতে মোটর সাইকেল নিয়ে ঢোকার সময় জোরে হর্ন দেন। এ নিয়ে স্থানীয় কয়েকজনের বাকবিতণ্ড ও মারামারি হয়। ওই সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পরে তুষার, ইমনসহ ১০-১২ জন রাত সাড়ে ৯টার দিকে চট্টেশ্বরী মোড়ে আসেন। সেখানে অনিকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।

“এ সময় অনিকের বাবা নাসিরও সেখানে ছিলেন। এক পর্যায়ে অনিককে ছুরিকাঘাত করে তারা।”

এরপর ২২ জুন কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট থেকে মহিউদ্দিন তুষার ও এখলাসুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে ২৫ জুন তাদের চট্টগ্রামের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

২৫ জুন রাতে কুমিল্লা জেলার দাউদকান্দির চক্রশেলা থেকে জোবায়ের আহম্মদ শোভন ও তার ছোট ভাই জোনায়েদ আহম্মদ ইমনকে গ্রেপ্তার করে পুলিশ।

ইমনের সঙ্গেই রনিকের হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করেই অনিককে ছুরিকাঘাত করা হয় বলে পুলিশের ভাষ্য।

পুরনো খবর:

অনিকের ২ খুনি কলকাতায় গ্রেপ্তার, বাংলাদেশের কাছে হস্তান্তর