‘রেসপনসিবল বিজনেস হোটেল অব দ্য ইয়ার’ রেডিসন ব্লু
চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ ‘রেসপনসিবল বিজনেস হোটেল অব দ্য ইয়ার, এশিয়া প্যাসিফিক ২০১৭’ পুরস্কার পেয়েছে।
মঙ্গলবার হোটেলটির সহকারী পরিচালক (বিক্রয় ও বিপণন) ফারহানুল কে চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক নানামুখী কর্মকাণ্ড, গুণগত মান ও উন্নত সেবার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করায় রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ এ পুরস্কারে ভূষিত হয়েছে।
২০১৫ সালের ১ মার্চ চট্টগ্রামের প্রথম পাঁচ তারকা হোটেল হিসেবে যাত্রা শুরু করে রেডিসন ব্লু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সাল জুড়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেয় হোটেলটি। এরমধ্যে সুবিধা বঞ্চিত, অনাথ ও পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
পাশাপাশি পানির সঠিক ব্যবহার ও বিশুদ্ধ পানি খাওয়ার বিষয়ে জনমত তৈরিতে রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে দরিদ্র মানুষদের মাঝে ৮৫টি পানি বিশুদ্ধকরণ মেশিন হস্তান্তর করা হয়।
এছাড়া ‘অরবিস ফ্লাইং আই হসপিটালের’ সাথেও কাজ করে রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ।
চট্টগ্রামের আনোয়ারায় পারকি সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখতে পর্যটকদের উদ্বুদ্ধকরণ কর্মসূচিও পরিচালনা করে হোটেলটি।
এছাড়াও রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন ও চিটাগাং বে ভিউ যৌথভাবে রক্তদান কর্মসূচিরও আয়োজন করে।
পুরস্কার অর্জনের বিষয়ে রেডিসন ব্লু চিটাগাং বে ভিউর জিএম রবিন এডওয়ার্ডস বলেন, “গ্রাহকের প্রতিটি মুহূর্ত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।”
