২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোগান্তি দিয়ে উন্নয়ন টেকসই হবে না: মেয়র নাছির

জনগণকে ভোগান্তি দিয়ে করা উন্নয়ন টেকসই হবে না মন্তব্য করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ওপর জোর দিয়েছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2018, 11:12 PM

Updated : 11 Oct 2022, 12:28 PM

শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে ‘নগর সাংবাদিকতা: বাস্তবতা ও প্রয়োজনীয়তা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, বন্দরনগরী চট্টগ্রামের প্রকৃতি প্রদত্ত নান্দনিকতা ‘অপরিকল্পিত উচ্চাভিলাষের কারণে’ নষ্ট হতে বসেছে।

“এখানে অনেক উন্নয়ন প্রকল্প চলমান। এর ভোগান্তির দায়ভার সিটি করপোরেশনের ওপর আসে, কিন্তু প্রকল্প গ্রহণের সময় কেউ আগে থেকে আলোচনা করেন না। কর্তৃত্ব না থাকলে তা তো কার্যকর করা যায় না।”

নাছির বলেন, বিভিন্ন সেবা সংস্থা প্রকল্প নিচ্ছে এবং সেগুলো একনেকে পাশও হচ্ছে। সিটি করপোরেশনের মতামত নেওয়ার কথা থাকলেও তা কেউ করছে না।

“জনগণকে চরম ভোগান্তি দিয়ে উন্নয়ন টেকসই হবে না। অনেক প্রকল্প চট্টগ্রামে চলমান। বাস্তবায়ন হলে সুফল মিলবে কী? এসব প্রকল্পের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা হচ্ছে কী? এখনো সময় আছে।”

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন তার বক্তব্যের পক্ষে যুক্তি দেখাতে গিয়ে আখতারুজামান চৌধুরী বাবু ফ্লাইওভারের প্রসঙ্গ টানেন। ওই উড়াল সেতু আগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ার কথা থাকলেও পরে আলোচনা-সমালোচনার মুখে র‌্যাম্প ও লুপ যোগ করা হয়।

“র‌্যাম্প-লুপ করতে গিয়ে নগরীর উত্তর-দক্ষিণমুখী একমাত্র সড়কটি এলোমেলো হয়ে গেল। বহদ্দারহাট ফ্লাইওভার শুরুতে ওয়াই শেপ ছিল। কাটা হল, আবার যোগ করা হল। ফ্লাইওভারের ওপর স্পিড ব্রেকার দেওয়া হল। এটা পৃথিবীর কোনো দেশে নেই।”

নাছির বলেন, এ সব কিছুর দায় দেওয়া হয় সিটি করপোরেশনকে। মানুষ ভোট দিয়ে মেয়র নির্বাচিত করে বলে তাদের প্রত্যাশা থাকে। কিন্তু সিটি করপোরেশনের বাস্তবতা ভিন্ন। 

“মাস্টারপ্ল্যান করা হয়েছিল। সেটা বাস্তবায়ন করার কথা ছিল ২০১৫ সালের মধ্যে। কিন্তু যে সিডিএ মাস্টারপ্ল্যান করেছে তারা কী তা বাস্তবায়ন করেছে? চান্দগাঁও মৌলভী পুকুর কে ক্রয় করে ভরাট করেছে?”

মেয়র প্রশ্ন রাখেন, চট্টগ্রাম নগরীর উন্নয়নের মাস্টারপ্ল্যানে জলাশয়গুলো খালি রাখার কথা ছিল। তাহলে জলাভূমিতে আবাসন প্রকল্প নেওয়া হল কীভাবে?

“হালদা দূষণ হচ্ছে বাঁধের কারণে। বালি জমে এবং শিল্প বর্জ্য পড়ে হালদার আজ মরণ দশা।”

কর্মশালায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মেয়র নাছির উদ্দিন বলেন, “আপনারাই পারেন। আপনারা ত্রাণকর্তা। আপনারা যেটা নিয়ে সোচ্চার হন ইচ্ছার বিরুদ্ধে হলেও সেটা সবাইকে মেনে নিতে হয়। এটাই নিষ্ঠুর বাস্তবতা।

“চট্টগ্রামে চলমান সবগুলো প্রকল্প নিয়ে গভীরে গিয়ে চুলচেরা বিশ্লেষণ করুন। আগামী প্রজন্মের জন্য সমৃদ্ধ নিরাপদ নগরী রেখে যাওয়া আমাদের সকলের উচিত।”

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ।

অন্যদের মধ্যে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী বক্তব্য রাখেন।