২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের দুই সংগঠককে মারধরের অভিযোগ

ঢাকার পর চট্টগ্রামেও কোটা সংস্কার আন্দোলনের দুই সংগঠককে মারধরের অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2018, 08:07 PM

Updated : 19 Aug 2022, 02:14 PM

শনিবার বেলা আড়াইটার দিকে নগরীর ষোলশহর রেল স্টেশনে একটি চায়ের দোকানে তোফায়েল আহমেদ ও মো. আরজু নামের দুই সংগঠককে ছাত্রলীগের কয়েকজন কর্মী মারধর করেন বলে অভিযোগ।

তবে পুলিশ এ বিষয়ে কিছুই জানে না বলে গণমাধ্যমকে জানিয়েছে।

চট্টগ্রামে আন্দোলনের নেতৃত্বে থাকা আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকায় কোটা সংস্কারের আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে মুরাদপুর থেকে আমরা মিছিল করি।

Image
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা

“মিছিল শেষে দুই সংগঠক ষোলশহর রেল স্টেশনে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এসময় ছাত্রলীগের পাঁচ-ছয়জন কর্মী এসে তাদের এলোপাতাড়ি মারধর করে।”

মারধরের শিকার তোফায়েল কোটা সংস্কার আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এবং আরজু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার দেবদূত মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিছিল বা হামলার কোনো সংবাদ আমাদের কাছে নেই। কেউ এ বিষয়ে অভিযোগও করেনি।”

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করতে গিয়ে পিটুনির শিকার হন আন্দোলনকারীরা। 

হামলার জন্য তারা ছাত্রলীগকে দায়ী করলেও তা অস্বীকার করে সরকার সমর্থক সংগঠনটির নেতারা বলেছেন, আন্দোলনকারীদের ‘অভ্যন্তরীণ কোন্দলে’ হামলার ঘটনা ঘটেছে।