২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নদীর তীরে স্কুলছাত্রীর লাশ: আদনানকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের অনুমতি

চট্টগ্রামের স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলায় গ্রেপ্তার তার বন্ধু আদনান মির্জাকে দ্বিতীয় দফায় সমাজসেবা অফিসারের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2018, 05:05 PM

Updated : 19 Aug 2022, 02:14 PM

বৃহস্পতিবার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও শিশু আদালতের বিচারক জিন্নাত ফেরদৌস চৌধুরী এ আদেশ দেন।

চট্টগ্রাম আদালত পুলিশের (প্রসিকিউশন) সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, পুলিশ আদনানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিল।

“বিচারক শুনানি শেষে রিমান্ডের বদলে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তার উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।”

এর আগে গত ৬ মে একই বিচারক আদনানকে টঙ্গীর কিশোর সংশোধনাগারের তত্ত্বাবধায়কের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন।

গত ২ মে সকালে কর্ণফুলী নদীর পতেঙ্গার ১৮ নম্বর ঘাটে পাথরের ওপর উপুড় হয়ে থাকা অবস্থায় তাসফিয়ার লাশ পাওয়া যায়। নগরীর সানসাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন তিনি।

ফেইসবুকে পরিচয়ের সূত্র ধরে নগরীর আরেকটি স্কুলের দশম শ্রেণির ছাত্র আদনানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয় বলে পরিবারের ভাষ্য। লাশ উদ্ধারের আগেরদিন বিকালে আদনানের সঙ্গে বেড়াতে বেরিয়ে নিখোঁজ হন তাসফিয়া।

আদনান ও তাসফিয়া নগরীর গোলাপাহাড় মোড়ে ‘চায়না গ্রিল’ নামে একটি রেস্টুরেন্টে খাবার খান। পরে সেখান থেকে বেরিয়ে দুজনে দুটি অটোরিকশায় উঠে চলে যান বলে সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানিয়েছে পুলিশ।

তাসফিয়ার লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য আদনানকে থানায় ডেকে আনা হয়। পরে তাসফিয়ার বাবা মামলা করলে তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পুরনো খবর:

নদী তীরে স্কুলছাত্রীর লাশ: আদনানকে জিজ্ঞাসাবাদ হবে সংশোধনাগারে