২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যু, অভিযোগ চবি শিক্ষকের

চিকিৎসকের ‘অবহেলায়’ নিজের নবজাতক সন্তানের মৃত্যুর অভিযোগ তুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2018, 05:49 PM

Updated : 11 Oct 2022, 12:25 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শহিদুল ইসলাম শাহীন নামে ওই শিক্ষক এই অভিযোগ তোলেন। থানা পুলিশ বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

তবে হাটহাজারী থানা পুলিশ ও বেসরকারি আলিফ হাসপাতাল কর্তৃপক্ষ দুই পক্ষই অভিযোগ অস্বীকার করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের সহকারী অধ্যাপক শাহীন জানান, অন্তঃস্বত্ত্বা অবস্থায় তার স্ত্রীকে দেখছিলেন হাটহাজারী আলিফ হাসপাতালের চিকিৎসক হাছিনা আক্তার। প্রসব বেদনা শুরু হলে গত ৮ জুন তার স্ত্রীকে ওই হাসপাতালে ভর্তি করেন তিনি।

“সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডা. হাছিনা রোগীকে দেখতে এসে প্রসবের জন্য আরও সময় লাগবে বলে পরে নিয়ে আসার পরামর্শ দেন।”

এরপর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. জেবুন্নেসা কেয়াও একই কথা জানিয়েছিলেন বলে এই শিক্ষক জানান।

“ডেলিভারি রুমে আমার স্ত্রীর সাথে আমার শ্বাশুড়ি ও ভাবি ছিলেন। রাত সাড়ে ১২টায় ভাবি ফোন করে জানায়, সেখানে কোনো ডাক্তার নেই। আমি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা সময়মতো ডা. হাছিনাকে ফোন করবে এবং উনি চলে আসবেন বলে জানায়।”

শাহীন বলেন, “ভোর সাড়ে ৫টার দিকে আমার স্ত্রীকে লেবার রুমে নিয়ে যাওয়া হলে তার ঘণ্টাখানেক পর মৃত বাচ্চা প্রসবের খবর জানান চিকিৎসক।”

তার অভিযোগ, দায়িত্বরত চিকিৎসক জেবুন্নেসা প্রসবের দায়িত্ব নার্স ও আয়াদের দিয়ে নিজে ‘ঘুমাচ্ছিলেন’।

অবহেলার অভিযোগ অস্বীকার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণত অস্ত্রোপচারের সময় কনসালটেন্টকে আসতে হয়। নরমাল ডেলিভারির ক্ষেত্রে ডিউটি ডাক্তাররা করেন।”

এক্ষেত্রে ডিউটি ডাক্তারের কোনো ধরনের অবহেলা ছিল না দাবি করে নাজিম বলেন, “আমরা পুরো ঘটনাটি তদন্ত করেছি। ৬টার দিকে ডেলিভারি হলেও সাড়ে ৫টার দিকে ডিউটি ডাক্তার জেবুন্নেসা লেবার রুমে গিয়েছিলেন।”

নবজাতক মারা যাওয়ার পর শাহীনের স্বজনরা হাসপাতাল ভাংচুর করেছে অভিযোগ করেন তিনি।

নাজিম বলেন, শাহীনের নিজের ও তার ভাইদেরসহ মোট চারটি সন্তান এ হাসপাতালে জন্ম হয়েছে। 

“নবজাতকটি মারা যাওয়ার পর গত ১২ জুন আমরা দুই পক্ষ থানায় বৈঠকেও বসেছিলাম। বৈঠক থেকে উভয়পক্ষের সম্মতিতে আগামী ২৫ জুন পুনরায় বৈঠকের তারিখ নির্ধারণ করি।”

বৈঠকে হাসপাতালের পক্ষে কয়েকজন চিকিৎসক ছিলেন। শাহীনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

নবজাতকের মৃত্যুর বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হলে পুলিশ আপস করার জন্য ‘চাপ প্রয়োগ’ করছে বলে অভিযোগ করেন শিক্ষক শাহীন।

তিনি বলেন, “আমরা আপস না করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানালে ওসি আমাদেরকে সময় নিয়ে ভেবে দেখার পরামর্শ দিয়ে ২৫ জুন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে পুনরায় বৈঠকের সময় নির্ধারণ করে দেন। এই অবস্থায় ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে আমার।”

আপসের জন্য চাপ প্রয়োগের বিষয়টি অস্বীকার করে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা হাসপাতালে গিয়ে নবজাতকের ময়নাতদন্ত করানোর জন্য বলেছি। কিন্তু ওই শিক্ষক ময়না তদন্ত না করানোর জন্য লিখিত দিয়েছেন।”

ওসি বলেন, “দুই পক্ষ গত ১২ জুন বৈঠক করেছেন এবং ২৫ জুন নিজেরাই আবার বৈঠকের তারিখ দিয়েছে। সেখানে আমাদের কিছূ করার নেই।”

শাহীনের অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে জানিয়ে ওসি বেলাল বলেন, “আমরা আদালতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আবেদন করব।”

সংবাদ সম্মেলনের আগে মানববন্ধনও করে শিক্ষক শাহীনের এলাকাবাসী। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক ড. জসীম উদ্দিন, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন, প্রাচ্য ভাষা বিভাগের সহকারী অধ্যাপক শিপক কৃষ্ণ দেবনাথ, সমাজত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রিদোয়ান মোস্তফা প্রমুখ।