ট্রাকচাপায় শিশু, তড়িতাহত হয়ে একজনের মৃত্যু
চট্টগ্রাম নগরীতে দুটি পৃথক ঘটনায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার নগরীর আকবর শাহ থানার শাপলা আবাসিক এলাকার বাসিন্দা নুর আহমদের শিশুসন্তান খায়রুল আমিন (৪) ট্রাকচাপায় মারা যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিটি গেইট এলাকায় ট্রাকচাপায় শিশু খায়রুল মারা যায়।
এদিকে নগরীর কোতোয়ালী থানার বিআরটিসি মুক্তিযোদ্ধা ভবনের কেয়ারটেকার বাবুল মিয়া (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
বাবুল মিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের আহমদপুর গ্রামে।
এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, “মুক্তিযোদ্ধা ভবনের পাশেই তার টিনের চালা ঘরের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হন বাবুল মিয়া।”
বেলা আড়াইটার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এএসআই আলাউদ্দিন।
