জোর করে দুই ব্যবসায়ীর সই নেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার
দোকানের দখল নিতে দুই ব্যবসায়ীর কাছ থেকে জোর করে স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ থেকে সোমবার রাতে রাকিবুর রহমান ওরফে রিসাত (২১) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
রাকিবুর ফতেয়াবাদের ওয়াশিল হাজী পাড়ার বাসিন্দা নুরুল আলমের ছেলে।
পিবিআইর পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিসাত ও চাপাতি হাসান নামের হাটহাজারীর এক সন্ত্রাসী গত ২৬ এপ্রিল দুই ব্যবসায়ীকে মারধর করে তাদের মালিকানাধীন দোকান দখল নেওয়ার জন্য।
“এ অভিযোগে ব্যবসায়ীদের মামলার প্রেক্ষিতে রিসাতকে গ্রেপ্তার করা হয়।”
পিবিআই কর্মকর্তা ফারুক বলেন, “চৌধুরী হাটের এয়াকুব টাওরের এনজেলিক শপিং মলের মালিক মো. জসীম ও ইকবাল হোসেন নামের দুই ব্যবসায়ী। গত ২৬ এপ্রিল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নম্বর গেইট থেকে চাপাতি হাসান ও রিসাত তাদের তুলে নিয়ে আটকে রাখে।
“চাপাতি হাসানের বাড়িতে আটকে রেখে সারারাত দুই ব্যবসায়ীকে মারধর করে দুইটি খালি নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়।”
পরদিন সকালে দুই ব্যবসায়ীকে উলঙ্গ করে হাত বাঁধা অবস্থায় ফতেয়াবাদ থেকে চৌধুরী হাট পর্যন্ত হাঁটানো হয়। পরে তাদের বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রেখে রিসাত ও চাপাতি হাসান চলে যায়।
পুলিশ কর্মকর্তা ফারুক বলেন, “এ অভিযোগে হাটহাজারী থানায় মামলার পর তারা কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি। পরে পিবিআই স্ব-উদ্যোগে মামলাটি গ্রহণ করে রিসাতকে গ্রেপ্তার করে।”
চাপাতি হাসানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
