দায়িত্ব নিয়েছেন নতুন সিএমপি কমিশনার
চট্টগ্রাম মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন ডিআইজি মাহাবুবর রহমান।
মঙ্গলবার দুপুরে তিনি সিএমপির ২৯তম কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) অলক বিশ্বাস।
সাবেক কমিশনার ইকবাল বাহার পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (টেলিকমিউনিকেশন) হিসেবে বদলি পর মাহাবুবর রহমান তার স্থলাভিষিক্ত হন।
১৫তম বিসিএসের ক্যাডার মাহাবুব এর আগে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে ছিলেন ঢাকা ও চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি।
কুমিল্লা ও বরিশাল জেলার সুপারসহ পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
গত ২৬ এপ্রিল ইকবাল বাহারের পদোন্নতি ও বদলির আদেশের প্রায় এক মাস পর ২৭ মে মাহাবুবর রহমানকে সিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
