২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমি প্রতিহিংসার শিকার, মুক্তির পর রনি

জামিনে মুক্তি পেয়ে চট্টগ্রাম ছাত্রলীগের সাবেক নেতা নুরুল আজিম রনি বলেছেন, মানুষের অধিকারের বিরুদ্ধে সক্রিয় লুটেরা রাজনৈতিক শক্তির প্রতিহিংসার শিকার তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2018, 09:12 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

পুরনো খবর:

শর্ত সাপেক্ষে ছাত্রলীগ নেতা রনির জামিন

চট্টগ্রাম নগরীর বেসরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানের করা চাঁদাবাজির মামলায় বৃহস্পতিবার দুপুরে শর্ত সাপেক্ষে জামিন পান নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। এরপর বিকাল সোয়া পাঁচটার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

এসময় কয়েকশ নেতাকর্মী জেল গেইটে জড়ো হয়েছিলেন। জেল গেইট থেকে রনি শাহ সুফী আমানত খান (র.) মাজারে যান রনি। মাজার জিয়ারত শেষে পৌনে ছয়টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে যান।

Image
কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রনি

কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রনি

সে সময় শহীদ মিনারের বিপরীত দিকে মুসলিম ইন্সটিটিউট হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত ছয় দফা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন নগর কমিটির সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

শহীদ মিনার চত্বরে রনির মুক্তিতে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশের শুরুতে কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান মনসুর বলেন, “রনি আজ বীরের মত ফিরে এসেছে। মিথ্যা মামলাকে জয় করে জনতার কাতারে ফিরেছে।

“মিথ্যা প্রচারকারী ও ষড়যন্ত্রকারীরা আজ পরাজিত হয়েছে। সকল ষড়যন্ত্রকে পরাজিত করে রনি সবসময় জনতার কাতারে শামিল থাকবে এই প্রত্যাশা করি।”

এরপর নুরুল আজিম রনি বলেন, “রাজনীতিতে প্রতিযোগিতা থাকে। সেই প্রতিযোগিতা হতে হয় সুন্দর-সুস্থ রাজনীতির জন্যে। গণমানুষের অধিকার আদায়ের জন্যে।

“যে মামলায় আমি গ্রেপ্তার হয়েছিলাম আদালতের প্রতি পূর্ণ সম্মান রেখে বলতে চাই, থাপ্পড়ের জবাব কোনো চাঁদাবাজির মামলা হতে পারে না। সেদিন সেই একটি থাপ্পড় যদি আমি না দিতাম, তাহলে ৯৬৯ পরীক্ষার্থীর এইচএসসি পরীক্ষা দেওয়া সম্ভব হতো না।

“সেদিন তাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে যে অতিরিক্ত ফি আদায় করা হয়েছিল, সে ফিও ফেরত দেওয়া হতো না।”

সাবেক ছাত্রলীগ নেতা রনি বলেন, “যারা রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ন হয়ে বিজ্ঞান কলেজের জামায়াতি শিক্ষককে পুঁজি করে মামলার জন্য ইন্ধন দিয়েছেন…পুলিশকে বারবার করে ফোন দিয়েছেন আমার বিরুদ্ধে থাপ্পড়ের বিপরীতে যেন চাঁদাবাজির মামলা নেওয়া হয়- তাদের রাজনীতি চট্টগ্রামের মানুষের অধিকার আদায়ের বিরুদ্ধে রাজনীতি। তারা বারবার চট্টগ্রামের মানুষের অধিকারকে ক্ষুন্ন করেছেন। তারা বন্দর লুট করেছেন, তারা বারবার শিক্ষা প্রতিষ্ঠানকে লুটেরা প্রতিষ্ঠান করেছেন।”  

Image
মুক্তির পর শাহ সুফী আমানত খান (র.) মাজার জিয়ারত করেন রনি

মুক্তির পর শাহ সুফী আমানত খান (র.) মাজার জিয়ারত করেন রনি

রনি বলেন, চট্টগ্রামের ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে সিটি করপোরেশনের মাধ্যমে জনগণের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে।

এসময় আ জ ম নাছিরের নেতৃত্বে মুসলিম হল থেকে একটি মিছিল বেরিয়ে আসছিল। তখন রনির অনুসারীরা তার নামে স্লোগান দিতে থাকে। এসময় সমাবেশ সমাপ্তের ঘোষণা দিয়ে শহীদ মিনার চত্বর থেকে রনি ও তার অনুসারীরা নেমে যান।

নগরীর রাজনীতিতে রনি প্রয়াত নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী।

সমাবেশ শেষে রনি নগরীর জিইসি মোড়ে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইফতারে অংশ নেন। মহিউদ্দিন চৌধুরী জীবনের শেষ কয়েক বছর দুঃস্থদের সাথে সেখানেই ইফতার করতেন।