রিকশাচালকের টাকা ছিনিয়ে পালানোর সময় ২ যুবক আটক
চট্টগ্রামে রিকশাচালকের টাকা ছিনিয়ে পালানোর সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সদরঘাট থানার রশিদ বিল্ডিং এলাকা থেকে পুলিশ তাদের হাতেনাতে ধরে বলে জানান সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন।
গ্রেপ্তাররা হলেন- শওকত ওরফে রনি (২২) ও রাসেল (২৬)।
ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে রশিদ বিল্ডিং মোড়ে বাংলাবাজার সমাজকল্যাণ উন্নয়ন পরিষদ কার্যালয়ের সামনে এক রিকশাচালকের কাছ থেকে সাড়ে ৩০০ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাচ্ছিলেন রনি ও রাসেল।
“এসময় ওই এলাকায় দায়িত্বে থাকা থানার টহল দল তাদের ধাওয়া করে ধরে ফেলে।”
তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি নেজাম।
এদিকে রেল স্টেশন এলাকা থেকে লিটন ও সাদেক নামের দুই যুবককে গ্রেপ্তার করে র্যাব জানিয়েছে তারা ‘মলম পার্টির’ সদস্য।
তাদের কাছ থেকে একটি মলমের কৌটা ও ছুরি উদ্ধার করা হয় বলে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানিয়েছেন।
